শুভেচ্ছা সফরে চীনের তিন নৌযান চট্টগ্রাম বন্দরে

পাঁচ দিনের শুভেচ্ছা সফরে চীনের নৌবাহিনীর তিনটি জাহাজ ‘থাং শান’ (TANG SHAN), ‘দা ছিং’ (DA QING) ও ‘থাই হু’ (TAI HU) চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জাহাজ তিনটি চট্টগ্রাম বন্দরে পৌঁছালে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের পক্ষ থেকে চিফ স্টাফ অফিসার চীনা নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকদের স্বাগত জানান। এ সময় বাংলাদেশ নৌবাহিনীর সুসজ্জিত বাদকদল ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী ব্যান্ড পরিবেশন করে।

জাহাজগুলোকে স্বাগত জানাতে বাংলাদেশে নিযুক্ত চীন দূতাবাসের উচ্চপদস্থ কর্মকর্তাসহ চীনের নাগরিক এবং বাংলাদেশ নৌবাহিনীর স্থানীয় উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে সফরকারী জাহাজগুলো বাংলাদেশের জলসীমায় পৌঁছালে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা ওমর ফারুক’ তাদের অভ্যর্থনা জানায়।

বাংলাদেশে অবস্থানকালে সফরকারী জাহাজগুলোর অধিনায়ক ও বাংলাদেশে নিযুক্ত চীনের মিলিটারি অ্যাটাশেসহ একটি প্রতিনিধি দল কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার বিএন ফ্লিট এবং চেয়ারম্যান, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

এ ছাড়া সফরকারী জাহাজগুলোর কর্মকর্তা ও নাবিকরা বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন জাহাজ ও ঘাঁটি এবং চট্টগ্রামের বিভিন্ন দর্শনীয় ও ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন করবেন। একই সঙ্গে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরাও চীনের নৌবাহিনীর জাহাজগুলো পরিদর্শন করবেন।

এ সফরের মাধ্যমে উভয় দেশের নৌবাহিনীর সদস্যরা পারস্পরিক কার্যক্রম ও পেশাগত উৎকর্ষ প্রত্যক্ষভাবে পর্যবেক্ষণ এবং মতবিনিময়ের সুযোগ পাবেন।

শুভেচ্ছা সফরের মাধ্যমে দুই দেশের নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকদের মধ্যে পেশাগত বিষয়ে মতবিনিময়, ভবিষ্যৎ প্রশিক্ষণ ও পারস্পরিক সহযোগিতার সুযোগ সৃষ্টি হবে। এর ফলে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

শুভেচ্ছা সফর শেষে জাহাজ তিনটি আগামী ২১ সেপ্টেম্বর বাংলাদেশের জলসীমা ত্যাগ করবে।