তানভীর বসুন্ধরা গ্রুপের (টিবিজি) পৃষ্ঠপোষকতায় রাজধানীর বসুন্ধরা স্পোর্টস সিটির বিশ্বমানের জুলকান ইনডোর অ্যারেনায় আজ শুক্রবার পর্দা উঠছে জমজমাট ‘জুলকান ফাইটিং চ্যাম্পিয়নশিপের (জেডএফসি)’ দ্বিতীয় আসরের। ‘জেডএফসি ২: প্রাইড অব বাংলাদেশ’ শিরোনামের এই আন্তর্জাতিক মেগা ইভেন্টে বাংলাদেশসহ মোট সাতটি দেশের শীর্ষস্থানীয় ফাইটাররা অংশ নিচ্ছেন।
দিনভর রিংয়ের লড়াইয়ে মোট ১০টি রোমাঞ্চকর বাউট দেখতে পাবেন দর্শকরা, যা দেশের মার্শাল আর্ট অঙ্গনে এক নতুন উন্মাদনা সৃষ্টি করতে চলেছে। এর আগে প্রথম আসরের অভাবনীয় সাফল্য আয়োজকদের আরও বড় পরিসরে এই টুর্নামেন্ট আয়োজনের অনুপ্রেরণা জুগিয়েছে। আয়োজকদের মতে, বসুন্ধরা স্পোর্টস সিটিতে এই আধুনিক ইনডোর অ্যারেনা নির্মাণের মূল লক্ষ্য হলো বাংলাদেশে কমব্যাট স্পোর্টসের একটি স্থায়ী ঠিকানা গড়ে তোলা। এর মাধ্যমে দেশের উদীয়মান ফাইটাররা আন্তর্জাতিক মানদণ্ডে নিজেদের দক্ষতা প্রমাণ করার একটি দুর্দান্ত প্ল্যাটফর্ম পাবে।