ভূমি সেবায় দুর্নীতির সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না বলে জানিয়েছেন ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ভূমি মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় আয়োজিত ৪৮ ও ৪৯তম বেসিক ভূমি ব্যবস্থাপনা কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রশিক্ষণার্থী সহকারী কমিশনারদের (ভূমি) উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রকৃত মালিক ১৮ কোটি জনগণ। কর্মকর্তাদের এমনভাবে দায়িত্ব পালন করতে হবে, যাতে নাগরিকরা সেবা পাওয়ার মাধ্যমে উপলব্ধি করতে পারেন যে তাঁরাই রাষ্ট্রের মূল ক্ষমতার মালিক।
ভূমি খাতে দুর্নীতির প্রসঙ্গে মীর হেলাল বলেন, ভূমি ব্যবস্থাপনায় প্রায় ১ শতাংশ দুর্নীতিপরায়ণ ব্যক্তি রয়েছেন। তাদের অপকর্মের কারণে পুরো ভূমি ব্যবস্থাপনা বদনামের মুখে পড়ে। এসব ব্যক্তিকে চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হবে।
নবীন এসিল্যান্ডদের উদ্দেশে তিনি বলেন, শুধু নিজেদের সততা ও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করলেই হবে না; অধীনস্থ সহকর্মীদেরও সততা ও দক্ষতার সঙ্গে কাজ করতে উৎসাহিত করতে হবে। অধীনস্থদের ভালো-মন্দ সব কাজের দায়দায়িত্ব শেষ পর্যন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের ওপরই বর্তাবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মিজ্ ফারজানা শারমীন।