বজ্রপাতে চার জেলায় নিহত ৫

কুষ্টিয়া, নেত্রকোনা, সুনামগঞ্জ ও হবিগঞ্জে বজ্রপাতে পাঁচজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর

কুষ্টিয়া : কুষ্টিয়ায় বজ্রপাতে দুইজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও তিনজন। গুরুতর আহতদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে কুষ্টিয়া দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামে এবং দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার আলামপুর ইউনিয়নের দহকোলা গ্রামে এই বজ্রপাতের ঘটনা ঘটে। নিহতরা হলেন দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের আব্দুর রাজ্জাকের পুত্র আরোজ আলী (২৮) ও সদর উপজেলার আলামপুর ইউনিয়নের দহকোলা কারিগর পাড়ার মৃত মোসলেম উদ্দিনের ছেলে রওশন আলী (৪৮)।

প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়া দৌলতপুরে রিফাইতপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামে বাড়ির পাশে নদীর ধারে বসে ছিলেন আরোজ আলী। এ সময় আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে আরোজ আলী গুরুতর আহত হন। এ সময় ঘটনস্থলের আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে গুরুতর আহত আরোজ আলীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, সদর উপজেলার আলামপুর ইউনিয়নের দহকুলা কারিগরপাড়া এলাকায় মাঠে কাজ করার সময় আকস্মিক বজ্রপাতে কৃষক রওশন আলীসহ চারজন গুরুতর আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রওশন আলীকে মৃত ঘোষণা করেন। তবে গুরুতর আহত অপর তিনজনকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নেত্রকোনা : নেত্রকোনার খালিয়াজুরী হাওরে হাঁস আনতে গিয়ে শফিকুল মিয়া (২৬) নামের এক খামারি নিহত হয়েছেন। গতকাল দুপুরে খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর ইউনিয়নের সাতগাঁও গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শফিকুল ওই গ্রামের ইসহাক মিয়ার ছেলে। খালিয়াজুরী উপজেলা নির্বাহী অফিসার মো. অলিদুজ্জামান জানান, শফিকুল হাঁস পালন করতেন। হাওর থেকে হাঁস আনতে গেলে বজ্রপাতে আহত হয়ে পড়ে থাকেন। পরে গ্রামের অন্যরা হাওরে নিথর দেহ পড়ে থাকতে দেখে উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন।

সুনামগঞ্জ : সুনামগঞ্জের তাহিরপুরে মাটিয়ান হাওরের মাঝখানে বজ্রপাতে মো. শিপু মিয়া (৩৫) নামে এক নৌ শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল সকাল আনুমানিক ৭টার দিকে হাওরের মাঝামাঝি এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শিপু মিয়া উপজেলার বালিজুরী ইউনিয়নের নয়াহাটি গ্রামের আতাবুর রহমানের বড় ছেলে। জানা গেছে, গতকাল ভোরে তিনি প্রতিবেশী এক ব্যক্তিকে সঙ্গে নিয়ে বালু পরিবহনের নৌকা নিয়ে টেকেরঘাটের উদ্দেশে রওনা হন। নৌকাটি মাটিয়ান হাওরের মাঝামাঝি এলাকায় পৌঁছালে হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটে। এতে শিপু মিয়া গুরুতর আহত হয়ে নৌকার ওপর পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে সঙ্গে থাকা ব্যক্তি শিপু মিয়াকে উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিপু মিয়ার আকস্মিক মৃত্যুতে তার অন্তঃসত্ত্বা স্ত্রী, সন্তান ও পরিবারের সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

মাধবপুর (হবিগঞ্জ) : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় জমিতে কাজ করার সময় বজ্রপাতে লিটন সরকার (৩০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল সকাল ১০টার দিকে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের নোয়াহাটি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত লিটন সরকার নোয়াহাটি গ্রামের ঠাকুরধন সরকারের একমাত্র উপার্জনক্ষম ছেলে।