একদিনে ৯৯ বিচারককে বদলি ও পদায়ন

বিচার প্রশাসনে বড় ধরনের বদলি ও রদবদল করেছে সরকার। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে কর্মরত বিভিন্ন পর্যায়ের ৯৯ বিচারককে বদলি ও পদায়ন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় থেকে এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে এসব বিচারককে বদলি ও পদায়নের সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে ৪৪ জন জেলা ও দায়রা জজ, ২৬ জন অতিরিক্ত জেলা ও দায়রা জজ, ২৫ জন যুগ্ম জেলা ও দায়রা জজ, দুজন সিনিয়র সিভিল জজ ও দুই সিভিল জজকে বদলি করা হয়েছে। এদের মধ্যে জেলা ও দায়রা জজ এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদমর্যাদার কয়েকজন বিচারককে বিভিন্ন মন্ত্রণালয়, আইন ও বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন এবং নির্বাচন কমিশন সচিবালয়ে আইন ও বিচার সংক্রান্ত পদে বদলি করা হয়েছে।