ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

শুক্রবার ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর। এদিনে বায়ুমান স্কোর ১৬৫ নিয়ে তালিকার ৪ নম্বরে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বাতাসের এই মানকে ধরা হয় ‘অস্বাস্থ্যকর’। অন্যদিকে ২০৫ স্কোর নিয়ে বায়ুদূষণের শীর্ষে রয়েছে মালয়েশিয়ার কুয়ালালামপুর। বাতাসের এই মান ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।

আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, ১৯০ স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মালয়েশিয়ার আরেক শহর কুচিং, ১৮১ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, ১৬৫ স্কোর নিয়ে তালিকার ৪ নম্বরে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা এবং পঞ্চম অবস্থানে থাকা ইন্দোনেশিয়ার জাকার্তার স্কোর ১৫৭।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘অনেক ভালো’ বলে বিবেচিত হয়।

৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি বা সহনীয়’ ধরা হয় বায়ুর মান। আর ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। অন্যদিকে ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এ ছাড়া স্কোর ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।