সোনারচরে বজ্রপাতে রাখালের মৃত্যু

পটুয়াখালীর রাঙ্গাবালীতে বজ্রপাতে রফিক মাঝি নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের সোনারচরে এঘটনা ঘটে।

মৃত রফিক মাঝি (৫৫) উপজেলার চরআন্ডা গ্রামের জয়নাল মাঝির ছেলে। তিনি দীর্ঘদিন সোনারচরে গরু চরানোর পাশাপাশি  প্লাস্টিকজাত বোতল সংগ্রহ করে বিক্রি করতেন।

স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো শুক্রবার সকালে গরু চরাতে ও প্লাস্টিকজাত বোতল-পট সংগ্রহ করতে সোনারচরে যান রফিক মাঝি। গরুগুলো বনের মধ্যে ছেড়ে দিয়ে তিনি ছোট নৌকায় ফিরে আসেন। এ সময় গুড়িগুড়ি বৃষ্টি শুরু হলে হঠাৎ বজ্রপাত হলে রফিক মাঝি ঘটনাস্থলেই মারা যান।

চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বেলাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।