তৃণমূল কংগ্রেসের দলীয় নাম ও প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের অন্তর্বর্তী সিদ্ধান্তের পর বিকল্প নাম ও প্রতীকের প্রস্তাব দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন কালীঘাট শিবির। খবর আনন্দবাজার ডটকম।
আনন্দবাজার জানায় , বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) মধ্যরাতে নির্বাচন কমিশনকে ই-মেইল করে দলের তিনটি বিকল্প নাম ও দুটি প্রতীকের প্রস্তাব দেওয়া হয়েছে। প্রস্তাবিত নামগুলো হলো—‘সর্বভারতীয় তৃণমূল মমতা কংগ্রেস’, ‘সর্বভারতীয় মমতা তৃণমূল কংগ্রেস’ এবং ‘মমতা তৃণমূল কংগ্রেস’।
বিকল্প প্রতীক হিসেবে ফুটবল পায়ে ফুটবলার ও ক্রিকেট ব্যাটের প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত প্রস্তাবিত কোনো নাম বা প্রতীকেই অনুমোদন দেয়নি কমিশন।
এর আগে বৃহস্পতিবার রাতে অন্তর্বর্তী নির্দেশে ‘সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’ নাম ও জোড়াফুল প্রতীক সাময়িকভাবে ‘ফ্রিজ’ করে নির্বাচন কমিশন। অর্থাৎ, দলীয় মালিকানা ও প্রতীক নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত কোনো পক্ষই পুরোনো নাম ও প্রতীক ব্যবহার করতে পারবে না।
কমিশনের এই সিদ্ধান্তের ফলে আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের দুই শিবির কোন নাম ও প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবে, তা নিয়ে নতুন করে জটিলতা তৈরি হয়েছে। দুই শিবিরকেই বিকল্প নাম ও প্রতীক বেছে নিতে বলা হয়েছে।
নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনের প্রার্থীদের মনোনয়ন যাচাইও প্রতীক-সংক্রান্ত জটিলতার কারণে সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল। শুক্রবারের মধ্যে দুই শিবিরকে পরবর্তী সিদ্ধান্ত জানাতে বলা হয়েছে।
কালীঘাট শিবিরের প্রস্তাবিত বিকল্প প্রতীকের মধ্যে ফুটবল ও ক্রিকেট থাকায় দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে। তবে এসব প্রতীক ব্যবহারের বিষয়ে এখনো নির্বাচন কমিশনের চূড়ান্ত অনুমোদন পাওয়া যায়নি।