রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে কোরিয়ান ভাষা শিক্ষা ও প্যারা তায়কোয়ানডো প্রশিক্ষণের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জিমনেসিয়ামে তায়কোয়ানডো অফিস কক্ষে ফিজিক্যালি-চ্যালেঞ্জড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ) রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিটের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, আত্মরক্ষা ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্যারা তায়কোয়ানডোতে অংশগ্রহণের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা বিভাগের সিনিয়র উপ-পরিচালক, আন্তর্জাতিক তায়কোয়ানডো মাস্টার ও বিশ্ববিদ্যালয় তায়কোয়ানডো দলের কোচ মো. কামরুজ্জামান চঞ্চল, ইনস্টিটিউট অব ইংলিশ অ্যান্ড আদার্স ল্যাংগুয়েজের কোরিয়ান ভাষার অধ্যাপক প্রফেসর ইম বং থেক এবং প্রফেসর অজিয়ন।
আলোচনায় পিডিএফের সভাপতি মো. আজহার বলেন, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য কোরিয়ান ভাষা শিক্ষা ও তায়কোয়ানডো প্রশিক্ষণের সুযোগ তৈরি হলে তাদের দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধির পাশাপাশি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। তিনি এ উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন।
প্রফেসর ইম বং থেক বলেন, “প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে কোরিয়ান ভাষা শিক্ষা চালুর মাধ্যমে তাদের শেখার সুযোগ আরও বিস্তৃত করতে চাই। ইতোমধ্যে ২১ জন শিক্ষার্থী কোরিয়ান ভাষা শিক্ষা ও তায়কোয়ানডো প্রশিক্ষণে আগ্রহ দেখিয়ে নিবন্ধন করেছেন। শারীরিক প্রতিবন্ধকতা কিংবা ভাষার বাধা তাদের শেখার আগ্রহকে থামাতে পারবে না। তাদের সঙ্গে এই সুন্দর পথচলায় যুক্ত হতে পেরে আমি আনন্দিত।”
এ সময় প্রতিবন্ধী শিক্ষার্থীরা কোরিয়ান ভাষা শিক্ষা, প্যারা তায়কোয়ানডো, আত্মরক্ষা ও ভবিষ্যতে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন। মো. কামরুজ্জামান চঞ্চল তাদের প্রশ্নের উত্তর দেন এবং প্রশিক্ষণ কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
পিডিএফের ভলান্টিয়ার ম্যানেজমেন্ট সেক্রেটারি ও ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের শিক্ষার্থী মো. কাউসার আলী বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উল্লেখযোগ্য সংখ্যক প্রতিবন্ধী শিক্ষার্থী অধ্যয়নরত। কিন্তু আমরা অনেকেই এতদিন প্যারা তায়কোয়ানডো সম্পর্কে অবগত ছিলাম না। এই খেলাটি আমাদের জন্য শুধু একটি খেলা নয়, নিজেদের প্রতিভা বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ সুযোগ।
তিনি আরও বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং কামরুজ্জামান চঞ্চল স্যারকে আন্তরিক ধন্যবাদ, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য এমন একটি নতুন সুযোগ ও সম্ভাবনার দ্বার খুলে দেওয়ার জন্য।
সভা শেষে উপস্থিত শিক্ষার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয় তায়কোয়ানডো ক্লাবের প্রশিক্ষণ কক্ষ পরিদর্শন করেন। সেখানে তাদের তায়কোয়ানডো প্রশিক্ষণের বিভিন্ন বিষয় সম্পর্কে ধারণা দেওয়া হয়।
আয়োজকরা জানান, এ উদ্যোগের মাধ্যমে প্রতিবন্ধী শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা, আত্মরক্ষা ও আত্মবিশ্বাস বৃদ্ধির পাশাপাশি প্যারা তায়কোয়ানডো ও প্যারা অলিম্পিকে অংশগ্রহণের সম্ভাবনা তৈরি হতে পারে। একই সঙ্গে ভবিষ্যতে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্রেও নতুন সুযোগ সৃষ্টি হওয়ার প্রত্যাশা রয়েছে।
অনুষ্ঠানে পিডিএফের সভাপতি মো. আজহার, সাধারণ সম্পাদক শাহিন আলম, ভলান্টিয়ার ম্যানেজমেন্ট সেক্রেটারি মো. কাউসার আলী, রিসার্চ অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি আমরান ইমন ও কমিউনিকেশন সেক্রেটারি রাকা নাজনীন ঐশীসহ বিভিন্ন বিভাগের প্রায় ৩০ জন প্রতিবন্ধী শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় তায়কোয়ানডো ক্লাবের সভাপতি শাহিন আলীসহ ক্লাবের সদস্যরাও অনুষ্ঠানে অংশ নেন।