শাহ আমানত বিমানবন্দরে ৫৩৪ গ্রাম স্বর্ণসহ যাত্রী আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫৩৪ গ্রাম স্বর্ণসহ মোহাম্মদ হাসান মুরাদ নামে এক যাত্রীকে আটক করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণের মধ্যে ১০৬ গ্রাম অলঙ্কার, ৪২৫ গ্রাম স্বর্ণপিণ্ড এবং ৩ গ্রাম স্বর্ণের পেস্ট রয়েছে। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১৭ লাখ ৬০ হাজার টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৮টা ৪৫ মিনিটে মাস্কাট থেকে সালাম এয়ারের ওভি-৪০১ ফ্লাইটে করে ওই যাত্রী শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন। কাস্টমস হল থেকে স্ক্যানিং শেষে বের হওয়ার সময় তার গতিবিধি সন্দেহজনক মনে হলে বিমানবন্দর ডিজিএফআই, এনএসআই ও কাস্টমস গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা তার ব্যাগেজে তল্লাশি চালান।

তল্লাশির একপর্যায়ে ব্যাগেজের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় ১০৬ গ্রাম স্বর্ণের অলঙ্কার, ৪২৫ গ্রাম স্বর্ণপিণ্ড ও ৩ গ্রাম স্বর্ণের পেস্ট উদ্ধার করা হয়।

আটক মোহাম্মদ হাসান মুরাদ চট্টগ্রামের রাউজান উপজেলার বাসিন্দা।

সংশ্লিষ্টরা জানান, স্বর্ণ বিশেষ কায়দায় ব্যাগেজের ভেতর লুকিয়ে রাখার কারণে কাস্টমস স্ক্যানারে তা বিভ্রান্তি সৃষ্টি করেছিল।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, আটক যাত্রীর বিরুদ্ধে শুল্ক গোয়েন্দা কর্তৃক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।