ব্যালন ডি’অরের লড়াইয়ে ইয়ামালের পক্ষে বাজি রাফিনহার

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর জয়ী কে হবেন, তা নিয়ে ক্লাব ফুটবলের মাঠের লড়াইয়ের পাশাপাশি উত্তাপ ছড়াচ্ছে কথার লড়াইও। রিয়াল মাদ্রিদ তারকা কিলিয়ান এমবাপ্পের পর বার্সেলোনার তরুণ সেনসেশন লামিন ইয়ামালও নিজেকে ব্যালন ডি’অরের অন্যতম দাবিদার হিসেবে আত্মবিশ্বাসী ঘোষণা দেন। সেখানে এমবাপ্পের এমন মন্তব্য কিছুটা সমালোচিত হলেও ইয়ামালের ক্ষেত্রে ঘটল ভিন্নটা। কোচ থেকে শুরু করে সতীর্থ সবার সমর্থন ইয়ামালের দিকেই। 

তারই সূত্র ধরে কাতালানদের ব্রাজিলিয়ান তারকা রাফিনহাও এবার প্রকাশ্যেই ব্যালন ডি’অরের লড়াইয়ে এগিয়ে রাখলেন ইয়ামালকেই।

সম্প্রতি রেসিং সান্তানদারের বিপক্ষে ৭-২ গোলের এক দারুণ জয়ের পর মাঠে ক্লান্ত হয়ে শুয়ে থাকা নিজের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন ইয়ামাল। যেখানে দেখা মিলেছিল বার্সা ফুটবলারদের চরম পরিশ্রমের চিত্র। সেই পোস্টের কমেন্ট বক্সে ব্যালন ডি’অরের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা না পাওয়া রাফিনহা সরাসরি অকুণ্ঠ সমর্থন জানিয়ে লিখেছেন, ‘তুমি দারুণ প্রতিভাবান। তুমিই আমার ব্যালন ডি’অরের প্রার্থী।’ 

রাফিনহার এমন প্রকাশ্য সমর্থন অবশ্য একা নয়; বার্সেলোনার ড্রেসিংরুম থেকে শুরু করে কোচ হান্সি ফ্লিক, ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তা এবং তার ডেপুটি রাফা ইউস্তেও তরুণ এই সেনসেশনের পেছনে শক্তভাবে দাঁড়িয়েছেন। ইতিহাসের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ব্যালন ডি’অরের সোনালী ট্রফি উঁচিয়ে ধরার হাতছানি এখন ১৯ বছর বয়সী এই স্প্যানিশ তারকার সামনে।

এদিকে, রাফিনহার এই বার্তাটি বেশ তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পের সাম্প্রতিক বক্তব্যের রেশ ধরে। গত বৃহস্পতিবার স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’-কে দেওয়া সাক্ষাৎকারে নিজের দাবি জোরালো করে এমবাপ্পে বলেছিলেন, ‘আমি বিশ্বাস করি এই বছরটি ব্যালন ডি’অর জেতার জন্য সঠিক বছর। এর সবচেয়ে বড় প্রমাণ আমার পা দুটি। আমি যা-ই বলি না কেন, আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ব্যালন ডি’অর রিয়াল মাদ্রিদে ফিরে আসা। এটি বার্নাব্যুতে ফিরে আসা উচিত...অন্য যে কারও চেয়ে তারা এটি বেশি প্রাপ্য।’ চলতি মৌসুমে নিজের পারফরম্যান্সের ওপর ভর করে ট্রফিটি নিজেদের ঘরে তোলার দাবি বারবারই জোরালো করে আসছেন ফরাসি এই তারকা।

তবে মাঠের পারফরম্যান্স দিয়েও এমবাপ্পেকে কঠিন জবাব দিচ্ছে বার্সার আক্রমণভাগ। লা লিগার প্রথম ছয় রাউন্ডে হান্সি ফ্লিকের অধীনে রাফিনিয়া ৯ গোল এবং ইয়ামাল ৭ গোল করে নিজেদের যৌথ জুটির মুন্সিয়ানা দেখিয়েছেন। যার ফলে গত ৮৬ বছরের ইতিহাসে লিগের প্রথম ছয় ম্যাচে এমন দুর্দান্ত গোলের রেকর্ড গড়ার নজির গড়েছে বার্সেলোনার এই আক্রমণাত্মক জুটি। বিশেষ করে, রেসিং সান্তানদারের বিপক্ষে হ্যাটট্রিক করে ২০১৭-১৮ মৌসুমে লিওনেল মেসির করা প্রথম ছয় ম্যাচের ৯ গোলের রেকর্ড স্পর্শ করেছেন রাফিনহা।