কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, কৃষি কর্মকর্তা অবরুদ্ধ

কুড়িগ্রামের নাগেশ্বরীর কচাকাটায় সারের দাবিতে সড়ক অবরোধ এবং উপসহকারী কৃষি কর্মকর্তাকে (বিএস) গুদামে অবরুদ্ধ করে রাখে বিক্ষুদ্ধ কৃষকরা। সাড়ে ৪ ঘন্টা পর অবরুদ্ধ কর্মকর্তাকে উদ্ধার করে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৮ টায় এ ঘটনা ঘটে জেলার কচাকাটা থানার বল্লভের খাষ ইউনিয়নের গাবতলা বাজারে। এ বাজারে অবস্থিত ডিলার পয়েন্ট ভাই ভাই মেশিনারীজে সকাল ৮ টা থেকে কৃষকদের মাঝে সার বিতরণ করার কথা ছিল। কিন্তু ডিলার ভোর থেকে সার বিতরণ শুরু করে ৮ টার আগেই শেষ করে। ৮টার সময় আসা কৃষকেরা সার না পেয়ে কৃষি উপসহকারী কর্মকর্তা রফিকুল ইসলামকে গুদামে অবরুদ্ধ করে এবং মাদারগঞ্জ-ভূরুঙ্গামারী সড়কে গাছের গুড়ি ফেলে অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দেয়।

বিক্ষুব্ধ কৃষকের রোষানল থেকে উপসহকারী কৃষি কর্মকর্তাকে বাঁচাতে গুদামে পুলিশ পাহারায় রাখা হয়। পরে ৪ ঘন্টা পর দুপুর ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন এসে জনগণকে শান্ত করার চেষ্টা করে, পুলিশি নিরাপত্তায় উপসহকারী কৃষি কর্মকর্তাকে গুদাম থেকে উদ্ধার করে নিজ গাড়িতে তুলে নিয়ে যান।

উপসহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ওই ডিলার পয়েন্টে ৮০ বস্তা সার বিতরণ করা হয়। সকাল সাড়ে সাতটায় বিতরণ শুরু করি। বিতরণ সুষ্ঠু হয়েছে। বিতরণ শেষে কয়েক শত কৃষক এসে পরিস্থিতি উত্তপ্ত করে।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অর্পণ কুমার বলেন, সারের দাবিতে কিছু কৃষক সড়ক অবরোধ করে।পরে পুলিশের হস্তক্ষেপে তা তুলে নেয়। তবে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন জানান, সুষ্ঠুভাবে সার বিতরণ হয়েছে। তবে চাহিদার তুলনায় বেশি কৃষকের সমাগম হওয়ায় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। এসময় কৃষকদের সার দেওয়ার প্রতিশ্রুতি দেয়া হয়েছে এবং বরাদ্দের জন্য চাহিদা পাঠানোর ব্যবস্থা নেয়া হয়েছে।