ভোলায় ফেসবুক পোস্ট ঘিরে নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ

ভোলায় জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে রাসু বেগম (৪৫) নামে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নজির ব্যাপারী বাড়িতে এ ঘটনা ঘটে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে পুলিশ ওই বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে। নিহত রাসু বেগম ওই বাড়ির মো. জাহাঙ্গীরের স্ত্রী।

স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাতে জমিজমা-সংক্রান্ত বিরোধের বিষয় নিয়ে রাসু বেগমের দেবর বজলু ব্যাপারীর ছেলে মাইনুদ্দিন ফেসবুকে একটি পোস্ট দেন। ওই পোস্টকে কেন্দ্র করে বজলু ব্যাপারীর সঙ্গে কাশেম, তার ছেলে ইকবাল ও রাজিয়ার বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বিষয়টি হাতাহাতি ও মারামারিতে গড়ায়।

এ সময় রাসু বেগম ঘটনাস্থলে এগিয়ে গেলে তাকে প্রতিপক্ষের লোকজন মারধর করেন বলে পরিবারের অভিযোগ। পরে গুরুতর আহত অবস্থায় রাত আনুমানিক ১টার দিকে তার মৃত্যু হয় বলে দাবি স্বজনদের।

নিহতের মেয়ে রুবিনা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার মাকে কাশেম, ইকবাল ও রাজিয়া বেগম পিটিয়ে হত্যা করেছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

 ঘটনার পর কাশেম ও তার স্ত্রী রাজিয়াকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে কাশেমের ছেলে ইকবাল পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

ভোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, রাসু বেগমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।