‘অবাঞ্ছিত’ করার হুমকি স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়া: রুমিন ফারহানা

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রশ্নে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, দেশের যেকোনো নাগরিকের যেকোনো সময় দেশে ফেরা বা বিদেশে যাওয়ার অধিকার সংবিধানেই নিশ্চিত করা হয়েছে। তিনি বলেন, তবে কোনো নাগরিক দেশে প্রবেশের পর তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে, সেটি সম্পূর্ণ সরকারের নিজস্ব সিদ্ধান্ত ও এখতিয়ারের বিষয়।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আব্দুল কাদির শাহ পাঠাগার আয়োজিত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি।

সম্প্রতি জাতীয় সংসদে বিএনপির সমালোচনা করে বক্তব্য দেওয়ার পর স্থানীয় রাজনীতিতে তীব্র বিতর্কের মুখে পড়েন এই সংসদ সদস্য। তার ওই বক্তব্যের প্রতিবাদে আশুগঞ্জ উপজেলা বিএনপি বিক্ষোভ ও ঝাড়ু মিছিল বের করে। একই সঙ্গে বক্তব্য প্রত্যাহার না করলে রুমিন ফারহানাকে আশুগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করারও হুঁশিয়ারি দেন দলীয় নেতা-কর্মীরা।

নিজ এলাকায় সহকর্মীদের বিরূপ প্রতিক্রিয়া ও অবাঞ্ছিত ঘোষণার হুঁশিয়ারি প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, ‘রাজনীতিতে এসব কোনো অস্বাভাবিক বিষয় নয়। রাজনীতি থাকলে সেখানে ভিন্নমতও থাকবে। মতভেদের প্রকাশ হিসেবে মিছিল-সভা হবে, এমনকি অবাঞ্ছিত ঘোষণা করা হবে—এটাই স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়া।’

অনুষ্ঠানে স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে কৃতী শিক্ষার্থীদের হাতে স্মারক ও উপহার তুলে দেওয়া হয়।