কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু 

সাতক্ষীরার কালিগঞ্জে পুকুরের পানিতে ডুবে আব্দুল্লাহ (৮) ও ইকবাল হোসেন (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোনাতলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ সোনাতলা গ্রামের আজগার আলীর ছেলে। আর ইকবাল হোসেন কৃষ্ণনগর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের আমিনুর বিশ্বাসের ছেলে। ইকবাল তার নানার বাড়ি সোনাতলা গ্রামে বেড়াতে এসেছিল। 

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার জুমার নামাজের সময় পরিবারের সদস্যরা নামাজ আদায় করতে গেলে ইকবাল ও আব্দুল্লাহ বাড়ির পাশের আবু বক্কর শেখের পুকুরের কাছে যায়। একপর্যায়ে অসাবধানতাবশত দুজনই পুকুরের পানিতে পড়ে ডুবে যায়।

বিষয়টি প্রথমে স্থানীয় আকবর গাজীর স্ত্রী নাহার বেগমের নজরে আসে। তিনি শিশু দুটিকে পানিতে দেখতে পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে স্থানীয়রা পুকুরে নেমে দুই শিশুকে উদ্ধার করেন। তবে ততক্ষণে তাদের মৃত্যু হয়।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান দুই শিশুর পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।