খুলনা বিভাগের ‘সেরা ৪ ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ নির্বাচিত

খুলনা বিভাগের ‘সেরা ৪ ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ নির্বাচিত হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) খুলনা জিলা স্কুলে অনুষ্ঠিত ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ প্রতিযোগিতার সপ্তম আসরের খুলনা বিভাগীয় বাছাইপর্বে তাদের নির্বাচিত করা হয়।

বাছাইপর্বে খুলনা বিভাগের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেয়। প্রতিযোগিতার বিভিন্ন ধাপ শেষে চারজনকে ঢাকার মূল পর্বের জন্য নির্বাচিত করা হয়।

আয়োজকরা জানান, বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়ানো এবং শুদ্ধ বানান ও ভাষার ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যেই এ আয়োজন। ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত বাছাইপর্বে সাহিত্য ও ব্যাকরণ বিষয়ে ৪০ নম্বরের বহুনির্বাচনী এবং অনুধাবন বিষয়ে ৩০ নম্বরের পরীক্ষা নেওয়া হয়। সেখান থেকে সেরা ২০ জনকে পরবর্তী ধাপে নেওয়া হয়। পরে উচ্চারণ, বানান ও ব্যাকরণসহ বিভিন্ন বিষয়ে বিচারকদের মূল্যায়নে সেরা চারজন নির্বাচিত হন।

বাছাইপর্বে বিচারক হিসেবে ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মৌমিতা রায় ও আবৃত্তিশিল্পী মাহিদুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন চ্যানেল আইয়ের পরিচালক তাহের শিপন।

অনুষ্ঠানে নির্বাচিতদের সনদ ও সম্মাননা দেওয়া হয়। পাশাপাশি হাতের লেখা প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য ছিল যথাক্রমে ৫ হাজার, ৩ হাজার ও ২ হাজার টাকা পুরস্কার এবং সনদ।

প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে চ্যাম্পিয়নকে ১০ লাখ টাকা শিক্ষাবৃত্তি, দ্বিতীয় স্থান অধিকারীকে ৩ লাখ এবং তৃতীয় স্থান অধিকারীকে ২ লাখ টাকা দেওয়া হবে। এছাড়া সেরা ১০ জনের প্রত্যেককে একটি করে ল্যাপটপ, ৫০ হাজার টাকা সমমূল্যের বাংলা বই ও বইয়ের তাক দেওয়ার ঘোষণা রয়েছে।