টি-টোয়েন্টি ক্রিকেটের রেকর্ড বইয়ে নতুন ইতিহাস গড়েছেন ইংলিশ তারকা জস বাটলার। স্বল্প ওভারের এই ফরম্যাটে প্রথম ব্যাটার হিসেবে ১৫ হাজার রানের অবিশ্বাস্য মাইলফলক স্পর্শ করেছেন তিনি। কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে এই ঐতিহাসিক কীর্তি গড়েন ৩৬ বছর বয়সী এই মারকুটে ব্যাটার। এতে পেছনে ফেলেছেন ক্যারিবিয়ান কিংবদন্তি কাইরন পোলার্ডকে।
গতকালের ম্যাচের পঞ্চম ওভারে লঙ্কান বোলার ঈশান মালিঙ্গার বলে পয়েন্টে ঠেলে এক রান নেওয়ার মাধ্যমেই এই অনন্য উচ্চতায় পৌঁছান বাটলার। আগের ম্যাচেই আন্তর্জাতিক টি-টোয়েন্টির রান সংগ্রাহকের তালিকায় রোহিত শর্মাকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছিলেন তিনি। আর কার্ডিফে পোলার্ডকে ছাড়িয়ে যাওয়ার মধ্য দিয়ে স্বীকৃত টি-টোয়েন্টির সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রাহকের মুকুট এখন তার মাথায়।
রেকর্ড গড়ার এই ম্যাচে অবশ্য ইনিংসটি বড় করতে পারেননি তিনি। ১৫ হাজার রান করার ঠিক পরেই বলেই ম্যাচে ব্যক্তিগত ৩০ রান করে আউট হয়ে যান। তবে তাতে দলের জয়ে কোনো প্রভাব পড়েনি। টম ব্যান্টনের ঝোড়ো ফিফটিতে ভর করে শ্রীলঙ্কার দেওয়া ১৪৫ রানের লক্ষ্য ৪৭ বল হাতে রেখেই ৬ উইকেটের সহজ জয় তুলে নেয় ইংল্যান্ড। এই জয়ে এক ম্যাচ বাকি থাকতেই ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করল হ্যারি ব্রুকের দল।
সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় দুইয়ে থাকা পোলার্ড অবশ্য কেবল ১ রান পিছে। আর ১৪ হাজার ৫৮১ রান করে তিনে আছেন বাটলারের এক সময়ের জাতীয় দলের সতীর্থ হেলস। এক নজরে দেখে নিন এই তালিকার সেরা পাঁচে আছেন কারা।
|
ব্যাটার |
ইনিংস |
রান |
সেঞ্চুরি |
হাফ সেঞ্চুরি |
স্ট্রাইক রেট |
|
জস বাটলার |
৪৯৭ |
১৫০০০ |
৯ |
১০৭ |
১৪৭.৪৬ |
|
কাইরন পোলার্ড |
৬৭১ |
১৪৯৯৯ |
২ |
৭১ |
১৫০.৯২ |
|
অ্যালেক্স হেলস |
৫৩১ |
১৪৫৮১ |
৭ |
৯৩ |
১৪৪.২৮ |
|
ক্রিস গেইল |
৪৫৫ |
১৪৫৬২ |
২২ |
৮৮ |
১৪৪.৭৫ |
|
ডেভিড ওয়ার্নার |
৪৩৮ |
১৪২৮৪ |
১০ |
১১৮ |
১৪০.৭৭ |
তালিকাটিতে তাকালে বোঝা যায়, পোলার্ডের চেয়ে ১৭৪টি ইনিংস কম খেলে ১৫ হাজার রানের চূড়ায় পৌঁছে যান বাটলার। অন্যদিকে, বাংলাদেশের ব্যাটারদের মধ্যে এই সংস্করণে সবার ওপরে আছেন সাবেক ওপেনার তামিম ইকবাল, যিনি ২৮০ ইনিংসে ৮ হাজার ২৮৩ রান সংগ্রহ করেছেন। এছাড়া আন্তর্জাতিক টি-টোয়েন্টির ব্যক্তিগত রেকর্ডের লড়াইয়ে ১৪৫ ইনিংসে ৪ হাজার ৫৯৬ রান নিয়ে সবার শীর্ষে রয়েছেন পাকিস্তানের বাবর আজম, আর ১৪৯ ইনিংসে ৪ হাজার ৩২২ রান নিয়ে তার পরেই অবস্থান করছেন বাটলার।
২০০৯ সালের অক্টোবরে টি-টোয়েন্টিতে পথচলা শুরু করা বাটলার সময়ের সঙ্গে নিজেকে এই ফরম্যাটের অবিসংবাদিত রাজা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। ক্যারিয়ারের শুরুর দিকে বিভিন্ন পজিশনে ব্যাট করলেও ইনিংসের গোড়াপত্তন করতে নেমেই তিনি সবচেয়ে বেশি সফলতা পেয়েছেন; যেখানে ২২৭ ইনিংসে তার ব্যাট থেকে এসেছে ৮১১২ রান এবং গড় প্রায় চল্লিশের কাছাকাছি।