কদমতলীতে স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামী পলাতক 

রাজধানীর কদমতলীতে তালা ভেঙে এক তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত তরুণীর নাম ইয়ানূর আক্তার (২৫)। এ ঘটনায় তার স্বামী পলাতক রয়েছেন। গতকাল শুক্রবার বিকেলে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। ইয়ানূর আক্তার পটুয়াখালীর গলাচিপা উপজেলার গোয়াবাড়িয়ার হানিফ হাওলাদারের মেয়ে। তিনি কদমতলীর ডিপটি গলির একটি বাসায় স্বামীকে নিয়ে সাবলেট থাকতেন।

ইয়ানূরের ছোট ভাই ইমাম হোসেন বলেন, আমার বোন পাঁচ-ছয় মাস আগে জিকুরুল ইসলাম জুয়েল নামের এক ছেলের সঙ্গে প্রেম করে বিয়ে করেন। ওই ছেলে পটুয়াখালীর একটি বাসে সুপারভাইজারের কাজ করতেন। বৃহস্পতিবার রাতে মা বোনকে ফোন দিয়ে না পেয়ে শুক্রবার সাড়ে ১০টার দিকে বাসায় এসে তালাবদ্ধ পাই। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে তালা ভেঙে ভেতরে প্রবেশ করে রক্তাক্ত অবস্থায় বোনের মরদেহ উদ্ধার করে।

কদমতলা থানার এসআই খালেকুজজামান জানান, স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। বৃহস্পতিবার রাতের কোনো একসময় ধারালো অস্ত্র দিয়ে ইয়ানূরের গলা কেটে হত্যা করে দরজায় তালা দিয়ে পালিয়ে যান জুয়েল। এ বিষয়ে কদমতলী থানায় হত্যা মামলা করা হয়েছে।