দুষ্টু বাবু জ্বালায় ভীষণ
খাবার নেয় না মুখে
ডাকলে কাছে মিষ্টি হেসে
পালায় মায়ের বুকে।
জানলা ধরে ঝুলতে গিয়ে
ধপাস করে পড়ে
চেঁচিয়ে ঘর মাথায় তুলে
নিত্য রেকর্ড গড়ে।
ধুলোবালি গায়ে মেখে
কাটে দুপুরবেলা
বাটি-চামচ বাইরে ফেলাই
সবচে মজার খেলা।
সন্ধ্যা হতেই ঘুমিয়ে যায়
ডাকতে গেলে রাগে
শান্ত বাবুর মুখটা তখন
অনেক মিষ্টি লাগে।