পূজায় আসছে মিলন-দোলার প্রেমের হাওয়া

মেলোডি ও স্যাড-রোমান্টিক ঘরানার গানে শ্রোতাদের কাছে সুপরিচিত কণ্ঠশিল্পী মোহাম্মদ মিলন এবার হাজির হচ্ছেন একদম ভিন্নরূপে। নিয়মিত পরিচিত ধারার বাইরে গিয়ে ক্যারিয়ারে প্রথমবার একটি ডান্স প্যাটার্নের গান গাইলেন তিনি। ‘প্রেমের হাওয়া’ শিরোনামের এই গানটিতে তার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় শিল্পী দোলা রহমান। সালাউদ্দিন সাগরের লেখা গানটির সুর করেছেন আকরাম খান এবং সংগীতায়োজনে ছিলেন এএন ফরহাদ। পূজায় ওয়াইআর মিউজিকের ব্যানারে মিউজিক ভিডিওসহ গানটি প্রকাশ হতে যাচ্ছে।

গানটি প্রসঙ্গে মোহাম্মদ মিলন জানান, শ্রোতাদের বর্তমান রুচি ও চাহিদার কথা মাথায় রেখে বড় আয়োজনে ডান্স ট্র্যাকের এই গানটি তৈরি করা হয়েছে। প্রীতম হাসানের সঙ্গে ‘চাঁদ মামা’ গানে দোলার গায়কী শ্রোতাদের মাঝে যে উন্মাদনা ছড়িয়েছিল, সেই বিশেষ ভাবটি মাথায় রেখে এই গানে তাকে যুক্ত করা হয়। দোলার কণ্ঠ যুক্ত হওয়ার পর পুরো গানটির মেজাজ ও আবহে দারুণ এক পরিবর্তন এসেছে বলে তিনি মনে করেন। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করবেন শুভ্র মেহরাজ।

কণ্ঠশিল্পী দোলা রহমানও গানটি নিয়ে বেশ উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘প্রেমের হাওয়া’ গানটির জন্য মিলন ভাই যখন আমার সঙ্গে যোগাযোগ করেন, তখনই বেশ আগ্রহ পাই। কারণ ওনার অনেক জনপ্রিয় গান রয়েছে। গানটি প্রথমবার শোনার পর পরই মনে হয়েছিল, এতে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়ার মতো বিশেষ একটি আবেদন রয়েছে। সেই বিশ^াস থেকেই প্রজেক্টটির সঙ্গে যুক্ত হওয়া। সুর, গায়কী ও পরিবেশনা মিলিয়ে এর ভেতর আলাদা একটা আনন্দের ভাব রয়েছে। আশা করছি গানটিকে দর্শক-শ্রোতারা সানন্দে গ্রহণ করবেন।’