আন্তর্জাতিক ফুটবলে তার অধ্যায় শেষ এখানেই! বিশ্বকাপের পর থেকেই এমনটাই ভেবে আসছিল সবাই। তবে ক্রিশ্চিয়ানো রোনালদো নিজের শেষটা এখনই লিখছেন না। বয়সটা বেশ দীর্ঘ হয়ে বুড়োর কাতারে নাম লেখানো এই পর্তুগিজ মহাতারকার আন্তর্জাতিক ক্যারিয়ারটাও হচ্ছে আরও দীর্ঘ। কারণটাও বেশ অনুমেয়। রবার্তো মার্তিনেজের বিদায়ের পর পর্তুগালের নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়া হোর্হে জেসুস তার প্রথম স্কোয়াডেই আস্থা রেখেছেন পুরনো শিষ্য সিআরসেভেনের ওপর। তাকে রেখেই উয়েফা নেশনস লিগের জন্য পর্তুগিজদের ২৫ সদস্যের দল ঘোষণা করেছে জেসুস।
চলতি বছরের জুলাইয়ে স্পেনের কাছে হেরে পর্তুগালের বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার পর নিজের আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়ে তাৎক্ষণিকভাবে কিছু বলেননি রোনালদো। সে সময় তিনি কেবল পরিবারের সঙ্গে আলোচনা করে ঠা-া মাথায় সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছিলেন, যা তার অবসরের গুঞ্জনকে আরও বাড়িয়ে দিয়েছিল। তবে আগামী ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া উয়েফা নেশনস লিগের ম্যাচের জন্য জেসুস তাকে রেখেই দল ঘোষণা করলেন।
আগামী বছর নেশনস লিগ ফাইনাল পর্তুগাল পৌঁছালে তার আগেই ৪২ বছর পূর্ণ হবে রোনালদোর। ২০২৮ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের সময় বয়সটা হবে ৪৩। এর আগে ইউরোর ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে খেলার রেকর্ডটি ছিল রোনালদোরই সাবেক সতীর্থ পেপের দখলে, যিনি ইউরো ২০২৪-এ নিজের শেষ ম্যাচে ৪১ বছর ১৩০ দিন বয়সে মাঠে নেমেছিলেন। তবে রোনালদো সেই রেকর্ডে নিজের দখলে নেবেন কি-না সেই সম্ভাবনার রাস্তা অবশ্য বহুদূর।
স্পেনের দলে বাদ চার বিশ্বকাপজয়ী : ইউরোপীয় ও বিশ্বমুকুট জয়ের পর এবার উয়েফা নেশনস লিগে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে স্পেন। আসন্ন এই টুর্নামেন্টের জন্য দল ঘোষণা করেছেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। বিশ্বজয়ী স্কোয়াড থেকে চারটিতে পরিবর্তন আনা হয়েছে। ইনজুরির কারণে গোলরক্ষক জোয়ান গার্সিয়া ছিটকে যাওয়ায় ইন্টার মিলান গোলরক্ষক জোসেপ মার্তিনেজ দলে ফিরেছেন। এছাড়া রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার ডিন হুইসেন এবং বার্সেলোনার মিডফিল্ডার ফেরমিন লোপেজ দলে ফিরেছেন। অন্যদিকে মার্কোস লরেন্তের আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর এবং গাভি ও বোরহা ইগলেসিয়াসের ফিটনেস সমস্যার কারণে জায়গা হয়নি স্কোয়াডে। নেশনস লিগের শুরুতেই বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা মুখোমুখি হবে ইংল্যান্ড ও ক্রোয়েশিয়ার মতো কঠিন প্রতিপক্ষদের।