খুলনায় বিশ্ববিদ্যালয় ছাত্রের রহস্যজনক ‘মৃত্যু’, পরিবারের দাবি হত্যা

খুলনায় আজমল হোসেন নামে নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, তাকে হত্যা করা হয়েছে। তবে পুলিশ মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য তদন্ত করছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ২টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের খাজা হলের বিপরীতে মসজিদ গলিতে এ ঘটনা ঘটে। 

মৃত আজমাল হোসেন (২৩) খুলনার হরিণটানার গল্লামারী ম্যাচে বাসিন্দা ও নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম বর্ষের ছাত্র এবং চুয়াডাঙ্গা সদরের শলুয়াগ্রামের কুবুত উদ্দিনের ছেলে।  

নগরীর হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন জানান, গভীর রাত্রে আজমাল হোসেন নামক এক বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। সে খুলনা বিশ্ববিদ্যালয়ের খাজা হলের বিপরীতে মসজিদ গলির একটি পাঁচ তলাভবনে বিশ্ববিদ্যালয় ছেলেদের সঙ্গে থাকতো। তিনি আত্মহত্যা করেছে নাকি তাকে পিটিয়ে মারা হয়েছে সে বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।

ওসি জানান, মরদেহ খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

হাসপাতাল সংশ্লিষ্টরা জানান, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক ২টার দিকে কয়েকজন যুবক গুরুতর আহত অবস্থায় আজমলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। আজমল খুলনা বিশ্ববিদ্যালয় এলাকার একটি ভবনের চারতলা থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়েছেন তারা। হাসপাতালে আনার প্রায় ১০ থেকে ১৫ মিনিট পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তখন ওই যুবকরা দ্রুত হাসপাতাল ত্যাগ করেন।

এদিকে পরিবারের অভিযোগ, রাতে শিক্ষার্থী আজমাল হোসেন তার পরিবারকে ফোন দিয়ে জানান তিনি ঝামেলায় আছেন এ জন্য তার এক লাখ টাকা প্রয়োজন এ কথা বলে কল কেটে দেন। এরপর থেকে তার মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়।