তিন প্রতিষ্ঠানের সিস্টেম হ্যাক করল জেমিনি এআই

সাইবার নিরাপত্তা সক্ষমতা যাচাইয়ের একটি পরীক্ষায় গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল জেমিনি স্বয়ংক্রিয়ভাবে তিনটি প্রতিষ্ঠানের সিস্টেমে হ্যাক করেছে। গুগল জানিয়েছে, এটি এ ধরনের ঘটনার প্রথম পরিচিত উদাহরণ বলে মনে করা হচ্ছে। খবর বিবিসির। 

গুগলের এক কর্মকর্তা বিবিসিকে জানান, জেমিনি পরীক্ষার আওতাভুক্ত বলে মনে করা ওয়েবসাইটে প্রবেশের জন্য অনলাইনে থাকা উন্মুক্ত তথ্য খুঁজে বের করে এবং অনুমান করে লগইন তথ্য ব্যবহার করেছিল। তবে তিনটি ঘটনাতেই মডেলটি শেষ পর্যন্ত নিজে থেকেই থেমে যায় বলে জানান তিনি।

ঘটনার শিকার প্রতিষ্ঠানগুলোকে বিষয়টি জানানো হয়েছে। ওয়াল স্ট্রিট জার্নাল প্রথম এ ঘটনাগুলো নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। গত মে মাসে সাইবার নিরাপত্তা মূল্যায়নকারী একটি স্বাধীন প্রতিষ্ঠানের পরিচালিত পরীক্ষায় হ্যাকিংয়ের ঘটনাগুলো ঘটে।

গুগলের সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট হিদার অ্যাডকিন্স বিবিসিকে দেওয়া এক বিবৃতিতে বলেন, ‘আমরা নিশ্চিত করেছি যে তিনটি প্রতিষ্ঠানকেই বিষয়টি জানানো হয়েছে। পাশাপাশি আমাদের প্রশিক্ষণ সহযোগীর সঙ্গে কাজ করেছি এবং তারা তাদের পরীক্ষার প্রক্রিয়ায় প্রয়োজনীয় পরিবর্তন এনেছে।’

তিনি আরও বলেন, ‘শক্তিশালী এআই মডেলগুলোকে দায়িত্বশীলভাবে কাজ করার প্রশিক্ষণ দেওয়ার গুরুত্ব এসব ঘটনা আবারও তুলে ধরছে।’

সম্প্রতি অন্যান্য এআই ব্যবস্থার ক্ষেত্রেও একই ধরনের নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা সামনে এসেছে। জুলাইয়ে অ্যানথ্রপিকের এআই মডেল ক্লড পরীক্ষার নির্ধারিত পরিবেশ থেকে বেরিয়ে গিয়ে স্বয়ংক্রিয়ভাবে তিনটি প্রতিষ্ঠানের সিস্টেমে হ্যাক করেছিল। এর কয়েক দিন আগেই ওপেনএআই জানিয়েছিল, তাদের মডেলগুলো ‘সবার জন্য উন্মুক্ত’ কয়েকটি সেবায় সাইবার হামলা চালিয়েছে।

এআই প্রযুক্তির দ্রুত বিকাশের নিরাপত্তা নিয়ে বিশ্বজুড়ে বিতর্কের মধ্যেই এর নিয়ন্ত্রণ ও নীতিমালা নিয়েও আলোচনা জোরালো হচ্ছে। প্রযুক্তির সম্ভাব্য ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করে কিছু প্রযুক্তি প্রতিষ্ঠান এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান জানিয়েছে। তবে এ বিষয়ে সব প্রতিষ্ঠান একমত নয়।

আগামী শুক্রবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে নিয়ে হোয়াইট হাউসে আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং ও ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যানের উপস্থিত থাকার কথা রয়েছে। এরপর আগামী সপ্তাহে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বক্তব্য দেওয়ার কথা রয়েছে অল্টম্যানের।

শুক্রবার বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজকে হুয়াং বলেন, ‘এআই উন্নয়নে আমাদের যত দ্রুত সম্ভব এগোনো উচিত।’