গজারিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান 

মুন্সীগঞ্জের গজারিয়ায় ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভর না করে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান রতন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার ভবেরচরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ উপলক্ষে আয়োজিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্ধোধন করে এ আহ্বান জানান তিনি।

এ সময় কামরুজ্জামান রতন এমপি বলেন, ডেঙ্গু প্রতিরোধে আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। বাড়ির আশপাশে যাতে পানি জমে না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। একই সঙ্গে নিজেদের ঘরবাড়ি, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। সম্মিলিত সচেতনতা ও উদ্যোগের মাধ্যমে ডেঙ্গুর বিস্তার প্রতিরোধ করা সম্ভব।

পরে তিনি উপজেলার গজারিয়া ইউনিয়নের সোনালী মার্কেট এলাকায় জলাবদ্ধতা নিরসনে গোসাইরচর খালে মেশিনের মাধ্যমে কচুরিপানা কেঁটে পরিস্কার কাজের উদ্ধোধন করেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহাল আশরাফী, উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়া, অতি:পুলিশ সুপার মো. বিল্লাল হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. সিরাজুল ইসলাম পিন্টু, এম ইসহাক আলী, মো. আহসান উল্লাহসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা।