বিশ্ব ফিজিওথেরাপি দিবস ২০২৬ উপলক্ষে মাইকেয়ার হেলথ লিমিটেডে বিশেষ সচেতনতামূলক ও জ্ঞানভিত্তিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শুধু চিকিৎসা নয়, সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে আসার পথচলায় ফিজিওথেরাপির গুরুত্ব তুলে ধরতে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে ফিজিওথেরাপির ভূমিকা, পুনর্বাসন চিকিৎসা, শারীরিক সক্ষমতা বৃদ্ধি এবং নিয়মিত শারীরিক কার্যক্রমের গুরুত্ব নিয়ে আলোচনা, মতবিনিময় ও সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মাইকেয়ার হেলথ লিমিটেডের রোগী, চিকিৎসক, ফিজিওথেরাপিস্ট, স্বাস্থ্যসেবাকর্মী ও কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
এতে বক্তব্য দেন মাইকেয়ার হেলথ লিমিটেডের প্রধান পরামর্শক ডা. শেখ মো. আব্দুল্লাহ আল রাফি, প্রধান নির্বাহী মো. জহিরুল ইসলাম, অর্থোপেডিক সার্জন ডা. মোহাম্মাদ ওসমান গনি, প্রধান ফিজিওথেরাপিস্ট ইমরান হোসাইন এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান ফিজিওথেরাপিস্ট বায়েজিদুল ইসলাম খানসহ অন্যান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, রোগ বা আঘাতের পর একজন মানুষকে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরিয়ে আনতে চিকিৎসার পাশাপাশি পরিকল্পিত পুনর্বাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক ফিজিওথেরাপি ও নিয়মিত শারীরিক কার্যক্রম শারীরিক সক্ষমতা, চলাফেরা এবং দৈনন্দিন কাজের স্বাভাবিকতা ফিরিয়ে আনতে সহায়ক ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠানে জ্ঞানচর্চা ও মতবিনিময়ের পাশাপাশি সহকর্মীদের প্রাণবন্ত অংশগ্রহণ আয়োজনটিকে আরও অর্থবহ করে তোলে। ফিজিওথেরাপি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং একটি সুস্থ, সক্রিয় ও সচেতন সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।