স্কুলছাত্র অপ্রতিমের মরদেহ উদ্ধারের ঘটনায় আটক ১

নিখোঁজের প্রায় ২২ ঘন্টা পর কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে ১৩ বছর বয়সী অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তদন্তের স্বার্থে তুহিন নামের একজনকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কোটবাড়ি পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর মহিবুল আলম ভুঁইয়া।

এদিকে অপ্রতিম নিখোঁজ হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের সামনের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার কথা জানিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম।

তিনি জানান, সিসিটিভি ফুটেজে তুহিন নামে স্থানীয় এক ছেলেকে অপ্রতিমের সাথে ঘোরাঘুরি করতে দেখা গেছে। তার চলাফেরা সন্দেহজনক মনে হওয়ায় বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে।

 

অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোস্তাইন বিল্লাহ ফেরদৌস বলেন, নিখোঁজ শিক্ষার্থীর রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার সাথে কারা জড়িত, তা শনাক্ত করতে তদন্ত চলছে।

অপ্রতিম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান। এ ঘটনায় তার বাবা কেএম ফিরোজ শাহরিয়ার কুমিল্লা সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডি সূত্রে জানা যায়, গত ১৮ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৩টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন ২৪ নম্বর ওয়ার্ডের কোটবাড়ি এলাকার বাসা থেকে হেঁটে বের হয় অপ্রতিম। এরপর সে আর বাসায় ফিরে আসেনি।