ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) বিতরণ এলাকায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা দ্রুত সম্প্রসারণ ও সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে।
এ লক্ষ্যে শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর নিকুঞ্জের হোটেল গ্রেস ২১-এর ব্যাংকোয়েট হলে এক বিশেষ অবহিতকরণ ও অংশীজন সভার আয়োজন করা হয়। বাংলাদেশ সরকারের নির্দেশনাক্রমে আয়োজিত এ সভায় ডেসকোর আওতাধীন এলাকায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ডেসকো বোর্ডের চেয়ারম্যান ড. মো. সানোয়ার জাহান ভূঁইয়া সচিব (পিআরএল) বলেন, ‘জনগণের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে প্রতিষ্ঠানপ্রধান এবং বাড়ির মালিক হিসেবে আমাদের যে সুযোগ রয়েছে, তা যেন কাজে লাগানো যায়, সে জন্য সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।’
তিনি বলেন, ‘প্রতিবছর আমাদের এনার্জি খাতে ৪০ থেকে ৪৭ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হয় সরকারকে। আমাদের সরকারের জন্য এটা অনেক বড় বোঝা। সরকার, প্রতিষ্ঠান ও মালিকপক্ষ সবাই যদি নিজেদের সুযোগ কাজে লাগিয়ে সৌরবিদ্যুৎ সম্প্রসারণে উদ্যোগী হয়, তাহলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব। এতে সরকারের ভর্তুকি কমে আসবে। সবাই মিলে যদি আমরা নিজেদের জায়গা থেকে একটু একটু করে কাজ করি, তাহলে এই সমস্যার সমাধান সম্ভব।’
সভাপতির বক্তব্যে ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামীম আহমেদ বলেন, ‘ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সম্প্রসারণে আমরা ইতোমধ্যে বিডার ভবনের ছাদে একটি সৌরবিদ্যুৎ স্থাপনা নির্মাণ করেছি, যা ডেসকো-বিডা মডেল হিসেবে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। এই ডেসকো-বিডা মডেলকে সামনে রেখে সৌরবিদ্যুৎ সম্প্রসারণে সারাদেশে ব্যাপক কাজের উদ্যোগ নেওয়া হচ্ছে।’
তিনি বলেন, ‘আমাদের ডেসকো এলাকায় যে সোলার স্থাপনাগুলো রয়েছে, তাতে ৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। তাই সেগুলো থেকে শতভাগ বিদ্যুৎ যেন উৎপাদিত হয়, সে ব্যবস্থা আমরা গ্রহণ করছি।’
সভায় আমন্ত্রিত অংশীজনদের অনেকেই বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন। ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক এবং ডেসকোর কর্মকর্তারা এসব প্রশ্নের উত্তর দেন।
সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ।
অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন ডেসকোর নির্বাহী পরিচালক (প্রকৌশল, অতিরিক্ত দায়িত্ব) মো. মফিজুল ইসলাম ভূঁইয়া। আমন্ত্রিত অতিথিদের সামনে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে পুরো বিষয়টি তুলে ধরেন ডেসকোর ব্যবস্থাপক মো. আব্দুল মান্নাফ।
ডেসকোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আশফাক আহমেদের তত্ত্বাবধানে অনুষ্ঠান সঞ্চালনা করেন পূর্ণতা রায়।
সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, ডেসকোর আওতাধীন অঞ্চলের বিভিন্ন বাণিজ্য সংগঠনের প্রতিনিধিরা, ইপিসি ঠিকাদার, বিভিন্ন ভবন ও ফ্ল্যাট মালিক সমিতির নেতৃবৃন্দ, সংশ্লিষ্ট অংশীজন এবং ডেসকোর ঊর্ধ্বতন কর্মকর্তারা।