কাশিমপুর কারাগার থেকে পলাতক মৃত্যুদণ্ডের আসামি চট্টগ্রামে গ্রেপ্তার

কাশিমপুর কেন্দ্রীয় হাই-সিকিউরিটি কারাগার থেকে পালানো মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি মো. বাহাদুর মিয়াকে (৩৫) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গতকাল শুক্রবার দুপুরে চট্টগ্রাম নগরের ফয়’স লেক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

শনিবার (১৯ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপিতে এসআরবি এ তথ্য জানায়।

গ্রেপ্তার মো. বাহাদুর মিয়া চট্টগ্রামের চন্দনাইশ থানার কাঞ্চননগর (বাদামতলা কাজীবাড়ি) এলাকার সিরাজ মিয়ার ছেলে।

এসআরবি’র সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গত ৬ আগস্ট ২০২৪ সালে কাশিমপুর কেন্দ্রীয় হাই-সিকিউরিটি কারাগার থেকে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি মো. বাহাদুর মিয়া পালিয়ে যান। গোপন সংবাদ পেয়ে বাহাদুর মিয়া নগরের আকবরশাহ থানাধীন ফয়’স লেক এলাকায় আত্মগোপনে থাকার তথ্য পেয়ে অভিযান চালানো হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে জিএমপি কোনাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।