পিরোজপুরে দলিল লেখকদের পেশাচ্যুত করার চেষ্টার প্রতিবাদ

দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত করার চেষ্টার প্রতিবাদ এবং সাত দফা দাবি বাস্তবায়নের দাবিতে পিরোজপুরে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ দলিল লেখক সমিতি পিরোজপুর জেলা শাখার উদ্যোগে শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় পিরোজপুর শহীদ মিনার প্রাঙ্গণে ‘দলিল লেখক সমাবেশ-২০২৬’ অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন উপজেলার দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ ও দলিল লেখকেরা অংশ নেন।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও পিরোজপুর জেলা দলিল লেখক সমিতির সভাপতি মো. মিজানুর রহমান মিজান। সঞ্চালনা করেন দলিল লেখক ফেরদৌস গাজী।

সমাবেশে দলিল লেখকদের পক্ষ থেকে সাত দফা দাবি তুলে ধরা হয়। 

দাবিগুলোর মধ্যে রয়েছে— দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত না করা; প্রতি দলিলে ৫ হাজার টাকা সম্মানী ভাতা বাস্তবায়ন; লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখক ছাড়া অন্য কেউ দলিল মুসাবিদা বা রেজিস্ট্রেশনের জন্য দাখিল করতে পারবেন না মর্মে প্রজ্ঞাপন জারি; থানা, জেলা ও কেন্দ্রীয় কমিটির সুপারিশ ছাড়া অনভিজ্ঞ ব্যক্তিদের দলিল লেখার লাইসেন্স প্রদান না করা; থানা ও জেলা কার্যালয়ে সরকারি খরচে দলিল লেখকদের বসার স্থান ও নামাজের স্থান নির্মাণ; দলিল লেখা বা মুসাবিদাকারী হিসেবে দলিল লেখকদের আসামি না করা এবং দলিল লেখক কাউন্সিল গঠন।

সমাবেশে বক্তারা বলেন, আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশা বিলুপ্ত বা সীমিত করা হলে এর সঙ্গে জড়িত বিপুলসংখ্যক মানুষ কর্মহীন হয়ে পড়বেন। তাদের দাবি, প্রায় ২ লাখ দলিল লেখকের পাশাপাশি সহায়তাকারী ও কম্পিউটার অপারেটরসহ মোট প্রায় ৫ লাখ মানুষ এ পেশার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত।

বক্তারা আরও দাবি করেন, ১৯০৮ সাল থেকে দলিল লেখকদের লাইসেন্স দেওয়ার ব্যবস্থা চালু রয়েছে। এই পেশার সঙ্গে যুক্ত দক্ষ জনশক্তিকে বাদ না দিয়ে প্রশিক্ষণের মাধ্যমে আধুনিক রেজিস্ট্রেশন ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত করা যেতে পারে।

বক্তারা আরও বলেন, এসব মানুষের কর্মসংস্থান সংকুচিত হলে সংশ্লিষ্ট পরিবারগুলো আর্থিক ও সামাজিক সংকটে পড়তে পারে। একই সঙ্গে সরকারের রাজস্ব আদায়েও নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে বলে তারা দাবি করেন।

সমাবেশ থেকে সাত দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানানো হয়। দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও সমাবেশ থেকে ঘোষণা দেওয়া হয়।