ইউসিটিসিতে টিইএইচআই-২০২৬ আন্তর্জাতিক কনফারেন্সের অগ্রগতি ও কর্মপরিকল্পনা

আন্তর্জাতিক সম্মেলনের চলমান কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা এবং আগামী মাসগুলোর কর্মপরিকল্পনা ও সময়সূচি নির্ধারণের লক্ষ্যে ইউসিটিসিতে (টিইএইচআই-২০২৬) TEHI-2026 আন্তর্জাতিক কনফারেন্সের কেন্দ্রীয় কমিটির একটি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সম্মেলন আয়োজনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ওসমান, উপাচার্য প্রফেসর ড. মো. জাহিদ হোসাইন শরীফ, রেজিস্ট্রার সালাহউদ্দিন আহমেদ এবং বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও সমন্বয়কারীরা।

সভায় TEHI টিমের পক্ষ থেকে কনফারেন্স সেক্রেটারি মোহাম্মদ ইঞ্জামুল হক এবং কনফারেন্স চেয়ার প্রফেসর শাহাদাত হোসাইন, পিএইচডি সম্মেলনের বিভিন্ন কার্যক্রমের সর্বশেষ অগ্রগতি তুলে ধরেন এবং উপস্থিত সদস্যদের প্রয়োজনীয় তথ্য ও হালনাগাদ বিষয় অবহিত করেন।

সভায় বিভিন্ন বিভাগ থেকে এ পর্যন্ত জমা দেওয়া গবেষণাপত্রের সংখ্যা পর্যালোচনা করা হয়। পাশাপাশি আরও কোনো গবেষণাপত্র জমা দেওয়ার প্রক্রিয়ায় রয়েছে কি না, সে বিষয়েও আলোচনা হয়। মেকানিক্যাল ও ইইই বিভাগ থেকে প্রজেক্ট প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত হালনাগাদ তথ্য দেওয়া হয়। এ সময় একটি কেন্দ্রীয় প্রজেক্ট প্রতিযোগিতা আয়োজনের সম্ভাবনা নিয়েও আলোচনা করা হয়।

এ ছাড়া সম্মেলনের স্মরণিকা ও সংশ্লিষ্ট কনটেন্ট প্রস্তুতির অগ্রগতি, মূল বক্তব্য প্রদানকারী বক্তাদের আমন্ত্রণপত্র চূড়ান্ত ও প্রেরণ এবং বিশিষ্ট অতিথিদের ভিডিও বার্তা সংগ্রহ ও প্রস্তুতকরণ বিষয়ে আলোচনা করা হয়।

সম্মেলনের প্রচারণা কার্যক্রমও সভার অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় ছিল। ফেসবুক, ইউটিউব ও অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচালিত প্রচারণার অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি সম্মেলনের প্রচার আরও বিস্তৃত করার লক্ষ্যে ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে পরিকল্পনা গ্রহণ করা হয়।

সভায় আয়োজিতব্য কর্মশালা ও টিউটোরিয়ালগুলোর অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি গবেষণাপত্রের পর্যালোচনা প্রক্রিয়া আরও সুসংগঠিত ও সময়োপযোগীভাবে সম্পন্ন করার বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়।

এ ছাড়া শিল্পখাত ও শিক্ষাঙ্গনের মধ্যে জ্ঞান, অভিজ্ঞতা ও সহযোগিতা বিনিময়ের সুযোগ তৈরির লক্ষ্যে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া প্যানেল আলোচনা আয়োজনের পরিকল্পনা নিয়েও আলোচনা হয়।

সম্মেলনের অবশিষ্ট কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে একটি সুস্পষ্ট মাসভিত্তিক কর্মপরিকল্পনা ও সময়সূচি প্রস্তুতের ওপর গুরুত্ব দেওয়া হয়। সংশ্লিষ্ট সব বিভাগ ও টিমকে নির্ধারিত সময়ের মধ্যে নিজ নিজ দায়িত্ব সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের আহ্বান জানানো হয়।

সভায় উপস্থিত কোর কমিটির সদস্য, বিভাগীয় প্রধান ও সমন্বয়কারীরা সম্মেলনের সফল আয়োজন নিশ্চিত করতে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতার মাধ্যমে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।