চট্টগ্রামে শোকর এ মওলা মঞ্জিলে ঈদে মিলাদুন্নবী (দঃ) ও বার্ষিক সাধারণ সভা  

চট্টগ্রামে আশেকানে হক ভাণ্ডারী, শোকর এ মওলা মঞ্জিলের ব্যবস্থাপনায় বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) ও সংগঠনের বার্ষিক সাধারণ সভা উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও জিকিরে সেমা মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের সভাপতি ব্যাংকার মুহাম্মদ আজমের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক নেওয়াজ শাহরিয়ার আসিফের সঞ্চালনায় ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি শোকর এ মওলা মনজিলে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, কেন্দ্রীয় পর্ষদের সিনিয়র সদস্য, মাইজভাণ্ডারী গবেষক ও লেখক মুহাম্মদ শাহেদ আলী চৌধুরী মাইজভাণ্ডারী। 

আলোচক ছিলেন বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক:) কেবলা কাবার রওজা শরীফের সাবেক খাদেম হাফেজ মাওলানা আবুল কালাম এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমাজতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আনোয়ার হোসেন চৌধুরী। 

বিশেষ অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি, ফটিকছড়ি 'খ' জোনের সাংগঠনিক সমন্বয়ক মাস্টার আহমদ হোসেন ও মুহাম্মদ শহীদুল্লাহ।

সভায় বক্তারা বলেন, রাসূলে পাক (দঃ) এর মিলাদ এমন এক মর্যাদাপূর্ণ কাজ যা মহান রব্বুল ইজ্জত নিজে করেছেন, ফেরেশতাগণ করেছেন এবং বিশ্ববাসীকে করার জন্যে হুকুম দিয়েছেন।

রাসূল (দ:)'র সুমহান মর্যাদা সাপেক্ষে ঈদে মিলাদুন্নবী (দঃ) সার্বজনীন ও বিশ্বজনীন। আর আশেকে রাসূল (দঃ), আশেকানে গাউসুল আজম মাইজভাণ্ডারী  ও আশেকানে হক ভাণ্ডারীর জন্য ঈদে মিলাদুন্নবী (দঃ) উদযাপন ঈমানের খোরাক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা পর্ষদের সদস্য ব্যাংকার সৈয়দ শফিউল আজিম সুমন ও সাংবাদিক আলতাফ মিয়া। 

সিনিয়র সহ সভাপতি ব্যাংকার মুহাম্মদ এহসান উল্লাহর স্বাগত বক্তব্যের পর আলোচনায় অংশ নেন শোকর এ মওলা মঞ্জিলের উপদেষ্টা পর্ষদের সদস্য এস এম এমরান, সংগঠনের নির্বাহী সদস্য মুহাম্মদ ওমর ফারুক ও মোহাম্মদ সজীবুল হাসান চৌধুরী।

সভায় আগামী এক বছরের জন্য মাইজভাণ্ডারী গবেষক ও লেখক মুহাম্মদ শাহেদ আলী চৌধুরী মাইজভাণ্ডারীকে প্রধান উপদেষ্টা করে ১০ সদস্য বিশিষ্ট  উপদেষ্টা পর্ষদ এবং ব্যাংকার মুহাম্মদ এহসান উল্লাহকে সভাপতি ও মুহাম্মদ হাসান লোকমানকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কার্যকরী পর্ষদ গঠন করা হয়।