লালপুরে খেলতে গিয়ে পুকুরে নিভল দুই প্রাণ

বাড়ির পাশের নতুন খনন করা পুকুরের পাড়ে কাদামাটি দিয়ে হাঁড়ি-পাতিল বানিয়ে খেলছিল দুই ভাই-বোন। কাদা সংগ্রহ করতে গিয়ে ছোট ভাই পুকুরে পড়ে গেলে তাকে উদ্ধারে এগিয়ে যায় বড় বোন। একপর্যায়ে দুইজনই পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা তাদের হাসপাতালে নিলেও বাঁচানো যায়নি।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে নাটোরের লালপুর উপজেলার চংধুপইল ইউনিয়নের ঈশ্বরপাড়া গ্রামে হৃদয়বিদারক এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো- ঈশ্বরপাড়া গ্রামের আতিকুল ইসলামের মেয়ে আতিয়ারা (৯) ও ছেলে আবু বক্কর (৬)।

স্থানীয় বাসিন্দারা জানায়, শনিবার বিকেলে বাড়ির অদূরে নতুন খনন করা পুকুরের পাড়ে কাদামাটি দিয়ে ছোট ছোট হাঁড়ি-পাতিল বানিয়ে খেলছিল দুই ভাই-বোন। খেলার একপর্যায়ে কাদা সংগ্রহ করতে গিয়ে ছোট ভাই আবু বক্কর পুকুরের পানিতে পড়ে যায়। ভাইকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে বড় বোন আতিয়ারাও পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর স্থানীয় লোকজন পুকুর থেকে দুইজনকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

তবে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।