অর্গানোগ্রাম চূড়ান্তের আগে ভাইভা নয়, দাবি জনতা ব্যাংক কর্মকর্তাদের

জনতা ব্যাংক পিএলসির প্রস্তাবিত অর্গানোগ্রাম অনুমোদনের আগে নির্বাহী পদে পদোন্নতির ভাইভা গ্রহণ না করার অনুরোধ জানিয়েছেন পদোন্নতিপ্রত্যাশী কর্মকর্তাদের একটি অংশ। একই সঙ্গে অনলাইন বা ভার্চুয়াল পদ্ধতির পরিবর্তে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সশরীরে ভাইভা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

কর্মকর্তাদের দাবি, ব্যাংকের সাংগঠনিক কাঠামো অনুমোদিত হওয়ার আগে পদোন্নতি প্রক্রিয়ার পরবর্তী ধাপে যাওয়া হলে ভবিষ্যতে পদসংখ্যা ও পদোন্নতির সুযোগ নিয়ে জটিলতা তৈরি হতে পারে। তাই অর্গানোগ্রাম অনুমোদনের পর সুস্পষ্ট কাঠামোর ভিত্তিতে ভাইভা গ্রহণের অনুরোধ জানিয়েছেন তারা।

জানা গেছে, জনতা ব্যাংকের প্রস্তাবিত অর্গানোগ্রাম-২০২৫ পরিচালনা পর্ষদের অনুমোদনের পর গত ১১ ডিসেম্বর ২০২৫ তারিখে আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠানো হয়। তবে আগস্ট ২০২৬ পর্যন্ত সেটি অনুমোদনের অপেক্ষায় রয়েছে। একই সময়ে সোনালী, অগ্রণী ও রূপালী ব্যাংকের সংশোধিত অর্গানোগ্রাম অনুমোদনের পর পদোন্নতি দেওয়া হয়েছে।

এ অবস্থায় জনতা ব্যাংকের নির্বাহী পদে পদোন্নতিপ্রত্যাশী কর্মকর্তাদের একটি অংশের প্রশ্ন, অর্গানোগ্রাম চূড়ান্ত না করে পদোন্নতির ভাইভা গ্রহণ করা হলে পরবর্তী সময়ে অনুমোদিত সাংগঠনিক কাঠামোর সঙ্গে পদোন্নতির সামঞ্জস্য কীভাবে নিশ্চিত করা হবে?

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মকর্তা বলেন, ‘আমরা পদোন্নতি প্রক্রিয়ার বিরোধিতা করছি না। বরং অর্গানোগ্রাম অনুমোদন করে একটি সুস্পষ্ট ও স্বচ্ছ কাঠামোর মধ্যে পদোন্নতি প্রক্রিয়া সম্পন্ন করার অনুরোধ জানাচ্ছি। একই সঙ্গে আমরা ভার্চুয়াল নয়, সশরীরে উপস্থিত হয়ে ভাইভা দেওয়ার সুযোগ চাই।’

তাদের আরও দাবি, সশরীরে ভাইভা হলে প্রার্থীদের পরিচয় যাচাই, বোর্ডের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং পুরো প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে থাকা প্রশ্নগুলো সহজে নিরসন করা সম্ভব হবে।

কর্মকর্তারা জানান, অর্গানোগ্রাম অনুমোদন এবং এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুস্পষ্ট অবস্থান না পাওয়া পর্যন্ত প্রস্তাবিত ভাইভা প্রক্রিয়ায় অংশ না নেওয়ার বিষয়ে তারা নিজেদের মধ্যে আলোচনা করছেন। এ বিষয়ে তারা জনতা ব্যাংকের পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

উল্লেখ্য, জনতা ব্যাংকের অর্গানোগ্রাম অনুমোদন ও পদোন্নতির জট নিরসনের দাবিতে এর আগেও রাষ্ট্রায়ত্ত ব্যাংক কর্মকর্তা ঐক্য পরিষদ সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছে।