সবচেয়ে বড় স্থলচর প্রাণী

পৃথিবীর সবচেয়ে বড় স্থলচর প্রাণী আফ্রিকান হাতি। পূর্ণবয়স্ক অবস্থায় আফ্রিকান হাতি, প্রায় ৬ থেকে ৭ টন ভারী। তাদের শরীরের তলায় স্তম্ভের মতো পা রয়েছে। অ্যালেনের তত্ত্ব অনুযায়ী, উষ্ণ অঞ্চলে থাকার দরুন আফ্রিকান হাতির কান তুলনামূলকভাবে বড়। এই কানের সাহায্যে তারা তীব্র গরম থেকে নিজেদের বাঁচায়। মৃদুভাবে কান দোলাতে দোলাতে, উষ্ণ রক্ত থেকে শুষে নেওয়া তাপ বাইরে বিকিরণ করে। এই হাতির শুঁড়ে দুটি ঠোঁট, কিন্তু এশীয় হাতির শুঁড়ে থাকে একটি। পরিণত ঝাড় হাতির পুরুষের উচ্চতা ৩.২-৪.০ মিটার আর ওজন ৪৭০০-৬০৪৮ কিলোগ্রাম। আর স্ত্রী হাতির উচ্চতা ২.২-২.৬ মিটার, ওজন ২১৬০-৩২৩২ কিলোগ্রাম। এদের শুঁড় প্রায় ৭ ফুট লম্বা, যা মূলত নাক ও ওপরের ঠোঁটের মিলিত রূপ। আফ্রিকার ৩৭টি দেশের বিভিন্ন তৃণভূমি ও বনাঞ্চলে ঘুরে বেড়ায় এরা। পুরুষ হাতিরা বয়ঃসন্ধিকালে পৌঁছালে দল ছেড়ে একা বা অন্য পুরুষ হাতির সঙ্গে, আলাদা দল তৈরি করে। স্তন্যপায়ী প্রাণীর মধ্যে এদের গর্ভধারণকাল দীর্ঘতম, যা ১৮-২২ মাস স্থায়ী। তাদের সামাজিক বুদ্ধিমত্তা ও পরিবেশ সম্পর্কে দীর্ঘমেয়াদি জ্ঞান বিস্ময়কর। এই হাতি তৃণভোজী হওয়ায় ঘাস, গাছের পাতা, ছাল ও ফল খেয়ে জীবনধারণ করে। বন্য পরিবেশে তাদের গড় আয়ু প্রায় ৬০-৭০ বছর। ধারণা করা হয়, আফ্রিকায় চার লাখের মতো হাতি রয়েছে। মূল্যবান দাঁতের জন্য প্রতি বছর আফ্রিকাতে ৩০-৪০ হাজার হাতি শিকার করা হয়। গবেষকরা বলছেন এদের সংখ্য দ্রুত কমছে। এ বিষয়ে সতর্ক হওয়া দরকার।