এবার এআই বাজারে স্ন্যাপ

নিজস্ব ধারায় বড় পরিবর্তনের ঘোষণা দিয়েছে স্ন্যাপ। এবার স্ন্যাপ তাদের নতুন ডিজাইন করা এআর চশমার পাশাপাশি সম্পূর্ণ নতুন স্ট্যান্ডঅ্যালন এআই অ্যাসিস্ট্যান্ট নিয়ে আসছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট। ‘স্পেক্স ইন্টেলিজেন্স’ নামের ‘অ্যান্টিসিপেটরি এআই সার্ভিস’ বা দূরদর্শী এআই সেবাটি নতুন হার্ডওয়্যারে প্রধান আকর্ষণ হিসেবে থাকবে। পাশাপাশি, যাদের কাছে এ বিশেষ চশমাটি নেই তাদের ব্যবহারের জন্য এর আলাদা ডেস্কটপ ও মোবাইল অ্যাপও থাকছে।

স্ন্যাপ কোনো অ্যাসিস্ট্যান্ট হিসেবে বর্ণনা না করলেও মেটার সাম্প্রতিক ‘মিউজ’ সম্পর্কে যারা জানেন তাদের কাছে এর কার্যপদ্ধতি বেশ পরিচিত মনে হতে পারে। ব্লগ পোস্টে কোম্পানিটি বলেছে,  ‘স্পেক্স ইন্টেলিজেন্স পছন্দের অ্যাপ ও টুলগুলোর সঙ্গে সংযোগের মাধ্যমে আপনার লক্ষ্য, গুরুত্ব তালিকা, সম্পর্ক ও দৈনন্দিন রুটিন সম্পর্কে সার্বিক ধারণা তৈরি করবে।’

এদিকে মেটা মানুষের মনে যেসব প্রাইভেসি সংক্রান্ত উদ্বেগ রয়েছে, স্ন্যাপ সেগুলোর বিষয়ে সতর্কতামূলক ব্যবস্থা নিতে চাইছে। কোম্পানিটি বলছে, নিজেদের এআই মডেল প্রশিক্ষণের জন্য বা বিজ্ঞাপন দেখানোর উদ্দেশ্যে কোম্পানিটি ‘স্পেকস ইন্টেলিজেন্স’-এর ডেটা ব্যবহার করবে না ও ‘স্ন্যাপের কর্মীরা ব্যবহারকারীর ব্যবহৃত ব্যক্তিগত কনটেন্ট দেখতে বা সেগুলোতে প্রবেশ করতে পারবেন না’। যুক্তরাষ্ট্রের আইওএস প্ল্যাটফর্মে স্পেকস অ্যাপের মাধ্যমে ব্যবহার করে দেখার জন্য ‘স্পেক্স ইন্টেলিজেন্স’-এর সীমিত সংস্করণ চালু করছে স্ন্যাপ। এ প্রিভিউ সংস্করণের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের গুগল অ্যাকাউন্ট যোগ করে ‘কোথায় সময় ও মনোযোগ ব্যয় করছেন সে বিষয়ে নানা ইনসাইটস’ দেখতে পাবেন। স্বয়ংক্রিয়ভাবে আগে থেকেই কোনো পরামর্শ দেওয়ার সুবিধা থাকবে না। এর পূর্ণাঙ্গ প্রাথমিক সংস্করণটি শুরুতে কেবল আমন্ত্রণের মাধ্যমে ও স্পেকসের ম্যাক অ্যাপের সঙ্গেই পাওয়া যাবে। আগ্রহী যে কেউ এখন ওয়েটলিস্টে নাম রেজিস্টার করতে পারবেন।