ছয় মাসের বেশি সময় ধরে চলমান ইরান যুদ্ধের মধ্যে জুলাই থেকে নতুন করে দ্বন্দ্বে জড়িয়েছে ইয়েমেনের ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠী হুতি ও সৌদি আরব। দুই পক্ষের সংঘাতে উপসাগরীয় অঞ্চলে অস্থিতিশীলতা যেমন বাড়ছে, তেমনি বিদ্যমান যুদ্ধক্ষেত্রের পরিধিও বাড়াচ্ছে। সংঘাত তীব্র আকার ধারণ করার পর প্রথমবারের মতো সৌদি আরবের রাজধানী রিয়াদে হামলা চালিয়েছে হুতিরা। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গতকাল শনিবার ভোরে দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর কিছুক্ষণ আগেই শহরটিতে বিমান হামলার সতর্কতা জারি করেছিল কর্র্তৃপক্ষ। রয়টার্স জানিয়েছে, রিয়াদের কিং খালিদ বিমানবন্দরের কাছে ধোঁয়া উড়তে দেখা গেছে। এমন পরিস্থিতিতে রিয়াদ থেকে বহু ফ্লাইট বিলম্ব ও বাতিল করা হয়েছে। পাশাপাশি পূর্বাঞ্চলীয় শহর আল-খার্জসহ বিভিন্ন স্থানে সম্ভাব্য বিপদের আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে।
সাম্প্রতিক দিনগুলোয় ইয়েমেনে ইরান-সমর্থিত হুতিদের হামলার লক্ষ্যবস্তু হয়ে আসছে সৌদি আরব। স্থানীয় সময় শুক্রবার রাত ৩টার কিছু আগে রিয়াদের বাসিন্দাদের কাছে সতর্কবার্তা পাঠানো হয়। এতে বলা হয়, ‘এলাকাটি শত্রুপক্ষের আকাশপথে হামলার হুমকির মধ্যে রয়েছে।’ একই সঙ্গে বাসিন্দাদের ঘরের ভেতরে অবস্থান করতে বলা হয়। এর কিছুক্ষণ পর এএফপির সাংবাদিকরা দুটি বিস্ফোরণের শব্দ শোনার কথা জানান। হামলার প্রায় আধা ঘণ্টা পর সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা বিমান হামলার সতর্কতা প্রত্যাহার করে নেয়। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, গতকাল শনিবার কিং খালিদ বিমানবন্দরের কাছে আগুন ও ধোঁয়া দেখতে পেয়েছেন স্থানীয়রা। এতে বিমানবন্দরে বিমান চলাচলে ব্যাপক বিঘœ দেখা দিয়েছে। বিমান ট্র্যাকিং-বিষয়ক ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ তাদের ওয়েবসাইটে বিমান চলাচল ব্যাহত হওয়ার সূচকে ৫.০-তে রেখেছে। যার অর্থ বিমানবন্দরটিতে ফ্লাইট বাতিল ও বিলম্বের সমস্যা দেখা দিয়েছে। তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এ অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। এ ছাড়া সৌদি আরবও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
এই সংঘাতময় পরিস্থিতিতে লোহিত সাগরের গুরুত্বপূর্ণ জলপথ বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণে নিয়েছে হুতিরা। এর ফলে সৌদি আরবের তেল রপ্তানি বড় ধরনের হুমকির মুখে পড়েছে। উদ্ভূত পরিস্থিতিতে আন্তর্জাতিক বাণিজ্যপথটি হুতি বাহিনীর দখলমুক্ত করতে সৌদি আরবের নেতৃত্বাধীন ১৩ দেশের প্রতিরক্ষা ‘জোট মাল্টিন্যাশনাল মেরিটাইম ডিফেন্স কোয়ালিশন (এমএমডিসি)’ সক্রিয় করার বার্তা দিয়েছে রিয়াদ। গতকাল শনিবার আরব সাগরের তীরবর্তী শহর জেদ্দায় এমএমডিসি জোটের অংশীদারদের মধ্যে বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেছেন জোটের প্রধান কমান্ডার এবং সৌদি আরবের নৌবাহিনীর কর্মকর্তা রিয়ার অ্যাডমিরাল আবদুল্লাহ বিন সালেম আল-শেহরি। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘আন্তর্জাতিক জলপথের সুরক্ষা নিশ্চিত করা একটি সামষ্টিক দায়িত্ব। আমরা এমএমডিসি জোটের প্রাথমিক অপারেশন পরিচালনাগত সক্ষমতার ব্যাপারটি ঘোষণা করছি। বাণিজ্যিক জাহাজগুলোর মুক্ত চলাচল এবং আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তায় যারা হুমকি হয়ে দাঁড়াবে, তাদের সবাইকে প্রতিহত করা হবে।’
হুতিদের দুই ঘাঁটি দখলের দাবি : সৌদি সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনীর সঙ্গেও হুতিদের লড়াই তীব্র হচ্ছে। সশস্ত্র গোষ্ঠীটির দাবি, হুতি নিয়ন্ত্রিত এলাকাগুলোতে নতুন করে ২৬টি বিমান হামলা চালানো হয়েছে। পাশাপাশি হুতি যোদ্ধাদের হটিয়ে তাদের দুটি ঘাঁটি দখলের দাবি করেছে ইয়েমেনের সেনাবাহিনী। ইয়েমেনের তথ্য মন্ত্রণালয়ের সহকারী আন্ডার সেক্রেটারি ফায়াদ আল-নুমান তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু এজেন্সিকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, তাইজ প্রদেশের আল-ওয়াজিয়াহ জেলা ও লাহজ প্রদেশের আল-সুবাইহা এলাকার মধ্যবর্তী আল-আঘবারা রণাঙ্গনে হুতি যোদ্ধাদের সঙ্গে তীব্র সংঘাত হয়েছে। পরে আল-বাজলা পর্বত ও মাদখুলা এলাকার নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেছে ইয়েমেনি সেনাবাহিনী।
আল-নুমান জানান, লড়াই চলাকালে সরকারি বাহিনী হুতিদের জানমালের ও সরঞ্জামের ক্ষতিসাধন করেছে। বেশ কয়েকটি যুদ্ধযান ধ্বংস এবং দলটির শক্তিশালীকরণকারী বাহিনীর ওপর আঘাত হানা হয়েছে।