আজ আবার বাংলাদেশ-ভারত সেমিফাইনাল

এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ-ভারত ম্যাচের আগে দুই দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও হারমানপ্রিত কৌরের করমর্দন না করা নিয়ে কম আলোচনা হয়নি। মাঠের লড়াইয়ের বাইরেও সেই ঘটনা তৈরি করে বাড়তি উত্তাপ। এবার দুই দল আবার মুখোমুখি, মঞ্চটা এশিয়ান গেমসের সেমিফাইনাল। আজ জাপানের করোগি স্পোর্টস পার্ক মাঠে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা ১১টায়। সেখানে টসের সময় সবার চোখ থাকবে দুই অধিনায়কের দিকে। এশিয়া কাপের সেই ঘটনার পুনরাবৃত্তি হবে নাকি এবার জ্যোতি-হারমানপ্রিত হাত মিলিয়ে শুরু করবেন নতুন লড়াই!

এশিয়া কাপের সেমিফাইনালের স্মৃতি বাংলাদেশের জন্য সুখকর নয়। ভারতের কাছে বড় ব্যবধানে হেরে বিদায় নিতে হয়েছিল লাল-সবুজের প্রতিনিধিদের। সেই হারের ক্ষত এখনো পুরোপুরি শুকায়নি। তার ওপর দলের ভেতরের নেতৃত্ব নিয়ে তৈরি হয়েছে নতুন অস্বস্তি। সব মিলিয়ে কঠিন এক সময়ের মধ্যেই আবার ভারতের সামনে জ্যোতিরা। তবে এবার মঞ্চটা ভিন্ন। এই ম্যাচের গুরুত্বও অনেক বেশি। জয়ী দল শুধু ফাইনালের টিকিটই পাবে না, পদক নিশ্চিত করার পাশাপাশি সোনার পদকের লড়াইয়েও এক ধাপ এগিয়ে যাবে।

কিন্তু ম্যাচের আগে মাঠের বাইরের আলোচনাও কম নয়। টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব থেকে জ্যোতির সরে দাঁড়ানোয় বাংলাদেশ নারী ক্রিকেটে তৈরি হয়েছে নতুন আলোচনা। বিশেষ করে একটি টুর্নামেন্ট চলাকালে নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অসন্তোষের কথাও সামনে এসেছে। নতুন টি-টোয়েন্টি অধিনায়ক নিয়েও চলছে আলোচনা। এশিয়ান গেমস শেষে এ বিষয়ে ঘোষণা আসতে পারে।

এর মধ্যে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে প্রস্তুতিতেও ঘটেছে অপ্রত্যাশিত ঘটনা। চীনের অনুরোধে গতকাল তাদের বিপক্ষে বাংলাদেশের একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ে মাঠে আসেনি চীনের মেয়েরা। ফলে ম্যাচটি আর হয়নি। শেষ পর্যন্ত মাঠে নিজেদের মধ্যে প্রস্তুতি সেরেই হোটেলে ফিরতে হয় বাংলাদেশ নারী দলকে। বিষয়টি নিয়ম অনুযায়ী ঊর্ধ্বতন কর্র্তৃপক্ষকে জানানো হয়েছে বলে টিম ম্যানেজমেন্ট সূত্র জানিয়েছে।

এবার প্রতিপক্ষ ভারত। শক্তিশালী দলটির বিপক্ষে কাজটা সহজ নয়। তবু এশিয়ান গেমসের মঞ্চে নতুন গল্প লেখার সুযোগ বাংলাদেশের সামনে। নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে ফাইনালের দরজা খুলতে পারে জ্যোতিদের সামনে।