রিজভী বললেন 

গত ১৭ বছরে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বিগত ১৭ বছরে দেশের শিক্ষা ব্যবস্থাকে পঙ্গু ও ধ্বংস করে জাতির মেরুদন্ডকে দুর্বল করে দেওয়া হয়েছে। তিনি বলেন, তথ্যপ্রযুক্তি ও প্রগতির আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে বাংলাদেশকে নিষ্ক্রিয় রাখার লক্ষ্যেই পরিকল্পিত এই ব্যবস্থা গড়ে তোলা হয়েছিল।

গতকাল শনিবার দুপুরে কেরানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ মাঠে দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির উদ্যোগে আয়োজিত ‘এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, শিক্ষা জাতির মেরুদন্ড। কিন্তু বিগত ১৭ বছরে সেটিকে প্লাস্টিকের মেরুদ-ে পরিণত করা হয়েছে। প্রযুক্তির যুগে মেধার ভিত্তিতে শিক্ষার মানোন্নয়নের ওপর জোর দিয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ভালো ফল না পাওয়া বা পিছিয়ে পড়া কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং পুরো শিক্ষা ব্যবস্থা নিয়ে যে ছেলেখেলা করা হয়েছে তারই ফল।

সামাজিক ও এলাকার দায়িত্বশীল নেতৃত্বের গুরুত্ব তুলে ধরে তিনি দক্ষিণ কেরানীগঞ্জের কৃতি শিক্ষার্থীদের এভাবে একত্রিত ও পুরস্কৃত করার উদ্যোগকে একটি ‘দৃষ্টান্তমূলক কাজ’ হিসেবে অভিহিত করেন এবং আয়োজকদের ধন্যবাদ জানান।

দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা-৩ আসনে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ এবং গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক, ক্রেস্ট ও বৃত্তির অর্থ তুলে দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, কৃতি শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।