শিক্ষার্থীকেন্দ্রিক গবেষণানির্ভর ক্যাম্পাস গড়াই লক্ষ্য: পবিপ্রবি ভিসি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (পবিপ্রবি) শিক্ষার্থীকেন্দ্রিক, গবেষণানির্ভর ও আন্তর্জাতিক মানের শিক্ষাঙ্গন হিসেবে গড়ে তোলার কথা জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ সম্মেলন কক্ষে পটুয়াখালী জেলা ও দুমকিতে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ভিসি জানান, দায়িত্ব নেওয়ার পর তিন মাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা উন্নয়ন, থেমে থাকা নির্মাণকাজ চালু এবং প্রশাসনিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। নির্মাণকাজ দ্রুত শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে এবং কাজ এগোচ্ছে।

তিনি বলেন, বর্তমানে ১০টি অনুষদে শিক্ষা কার্যক্রম চলছে। নতুন করে হেলথ সায়েন্স অনুষদ চালুর প্রস্তাব রিজেন্ট বোর্ডে অনুমোদিত হয়েছে। ইউজিসির অনুমোদন সাপেক্ষে আগামী শিক্ষাবর্ষে এতে শিক্ষার্থী ভর্তি করা হতে পারে।

শিক্ষার্থীদের সুবিধার্থে বরিশাল ও পটুয়াখালী রুটে যাতায়াতকারী শিক্ষার্থীদের বাসভাড়া মওকুফ করা হয়েছে বলেও জানান তিনি। ক্যাম্পাসকে র‍্যাগিং ও মাদকমুক্ত রাখতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে, ভর্তি প্রক্রিয়ায় ডোপ টেস্ট চালুর কথাও উল্লেখ করেন ভিসি।

গবেষণায় উৎসাহ দিতে শিক্ষক-শিক্ষার্থীদের পুরস্কৃত করার পরিকল্পনা রয়েছে জানিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে এগোতে উচ্চপর্যায়ের কমিটি গঠন, ওয়েবসাইট আধুনিকায়ন এবং স্বয়ংক্রিয় ব্যবস্থাপনা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক সই ও শিক্ষার্থীদের জন্য বৃত্তির সুযোগ তৈরির কথাও তুলে ধরেন তিনি। জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার দায়িত্ব নেওয়ার বিষয়টিও উল্লেখ করেন।

সভায় উপ-উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।