অপ্রতিম হত্যাকাণ্ডের বিচার চেয়ে কুবি শিক্ষার্থীদের মিছিল

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের-(কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান অপ্রতীমের হত্যাকারীদের বিচার চেয়ে বিক্ষোভ মিছিল করেছে কুবি শিক্ষার্থীরা। 

রবিবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে অপ্রতীমের জানাজা শেষে ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে বিশ্বরোড অভিমুখে তারা যাত্রা শুরু করেন। 

এ সময় তারা শ্লোগানে বলেন, ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো, এ্যাকশান টু এ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, ওই ওয়ান্ট জাস্টিস, অপ্রতিমের রক্ত বৃথা যেতে দেবো না, বাশের লাঠি তৈরি করো, সন্ত্রাসীদের দমন করো, আমার ভাই মরল কেন, তারেক রহমান জবাব চাই, আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব চাই’

ইংরেজি বিভাগের শিক্ষার্থী সাদিকুর রহমান বলেন, আমরা আজ কেবল অপ্রতিমের জন্য এখানে আসিনি। এ চিত্র সারা বাংলাদেশের। কুমিল্লায়ও প্রতিনিয়তই এসব হচ্ছে। তারপরও নাকি পুলিশ সুপার এ্যাওয়ার্ড পেয়ে যায়। আমরা অপ্রতিমের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। 

পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আরাফ ভূইয়া বলেন,  এটা সম্পূর্ণই পুলিশ প্রশাসনের ব্যর্থতা। পুলিশ বলে ‘ক্লু পেয়েছি, ক্লু পেয়েছি’ কিন্তু কী ক্ল তারা পেয়েছে সেটা আমরা আদৌ জানি না। এই ব্যর্থতার দায় তারা যতক্ষণ না পর্যন্ত মাথায় নিবে আমরা ততক্ষণ রাস্তায় আছি।