ভোলার দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়ন ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে উপজেলা ছাত্রদল। ওই কমিটির আহ্বায়ক মো. শাকিল হাওলাদারসহ পাঁচ যুবক মাদকসহ গ্রেপ্তারের পর শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে এ সিদ্ধান্ত জানানো হয়।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. সনজিব মৃধা ও সদস্যসচিব মো. সোহান হাওলাদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দৌলতখান উপজেলা শাখার সিদ্ধান্ত অনুযায়ী ৩ নম্বর চরপাতা ইউনিয়ন ছাত্রদলের কমিটির মেয়াদ শেষ হওয়ায় তা বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শিগগিরই নতুন কমিটি ঘোষণা করা হবে।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো.সনজিব মৃধা বলেন, গত কয়েক দিন ধরে ওই কমিটির আহ্বায়ক শাকিল হাওলাদারসহ কয়েকজনের বিরুদ্ধে সংগঠনবিরোধী ও সমাজবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ আসছিল। তবে এসব অভিযোগের কোনো প্রমাণ তারা পাননি।
তিনি বলেন, ছাত্রদল মাদকমুক্ত সমাজ গড়তে চায়। সংগঠনের কোনো সদস্য মাদকের সঙ্গে জড়িত থাকলে তা দলের ও দেশের জন্য বদনামের কারণ। এসব বিষয় বিবেচনায় নিয়ে চরপাতা ইউনিয়ন ছাত্রদলের কমিটি বিলুপ্ত করা হয়েছে।
দলের কার্যালয়ের তথ্যানুযায়ী, ২০২৫ সালের ১৪ জানুয়ারি মো. শাকিল হাওলাদারকে আহ্বায়ক ও মো. আব্দুল হাইকে সদস্যসচিব করে ৩১ সদস্যের চরপাতা ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সনজিব মৃধা ও সদস্যসচিব সোহান হাওলাদার ওই কমিটির অনুমোদন দেন। কমিটির মেয়াদ ছিল ছয় মাস।
গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে দৌলতখান উপজেলায় মাদকসহ চরপাতা ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক মো. শাকিল হাওলাদারসহ পাঁচ যুবককে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার অন্যরা হলেন মধ্য জয়নগর এলাকার জাবের (২৪),জোনায়েদ (২৮), সাব্বির (১৯) ও রাসেল (২৫)।
এবিষয়ে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরুল ইসলাম বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ১৩টি ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা করে শুক্রবার বিকেলে তাদের আদালতে পাঠানো হয়েছে।