গাজীপুর মহানগরীর কোনাবাড়ী আমবাগ আতাউর মার্কেট এলাকায় বুকে ছুরিকাঘাত করে এক নারীকে হত্যা করা হয়েছে। রবিবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটেছে।
নিহত হলেন- বরিশালের কোতোয়ালি থানা এলাকার বাসিন্দা শাজাহান হাওলাদারের মেয়ে সানজিদা আক্তার (২৩)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আমবাগ আতাউর মার্কেট এলাকায় বাসা ভাড়া থাকত সানজিদা আক্তার। রবিবার সকালে এক যুবক ওই ভাড়া বাসায় গিয়ে ওই নারীর বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
এ সময় সানজিদা আক্তার গুরুতর আহত হন এবং তার ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সানজিদার মরদেহ উদ্ধার করে। তবে এ হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি।
গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সানজিদার মরদেহ উদ্ধার করে। অপরাধীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ব্যাপারে তদন্ত করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।