আন্তর্জাতিক পর্যটনের অপার সম্ভাবনাময় পটুয়াখালীর উপকূলীয় পর্যটনকেন্দ্র কুয়াকাটা। দেশি পর্যটকদের পাশাপাশি দিন দিন বাড়ছে বিদেশি পর্যটকদের আনাগোনা। সাগর, সূর্যোদয়-সূর্যাস্ত, গঙ্গামতি, মিনি সুইজারল্যান্ড, লেম্বুর বন, ফাতরার বন, জেলে পল্লী ও বৌদ্ধ মন্দিরসহ বৈচিত্র্যময় পর্যটন আকর্ষণ বিদেশি পর্যটকদের টানছে কুয়াকাটায়।
রবিবার (২০ সেপ্টেম্বর) সরেজমিন ঘুরে দেখা যায়, কুয়াকাটা সৈকত, মিনি সুইজারল্যান্ড, রাখাইন পল্লী ও লেম্বুরবন এলাকায় বিদেশি পর্যটকদের ঘুরতে দেখা গেছে।
স্থানীয় পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাশিয়া, সুইজারল্যান্ড, নাইজেরিয়া, ভারত, নেপাল, আর্জেন্টিনাসহ বিভিন্ন দেশের পর্যটক কুয়াকাটায় ঘুরতে আসছেন। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে তারা শুধু সমুদ্রসৈকতেই সীমাবদ্ধ থাকছেন না; ছুটে যাচ্ছেন উপকূলের বিভিন্ন দর্শনীয় স্থানে।
কেউ উপভোগ করছেন সাগরের নীল জলরাশি, কেউ ঘুরছেন নদী ও নৌপথে। আবার কেউ মুগ্ধ হচ্ছেন ম্যানগ্রোভ বন, চরাঞ্চল এবং স্থানীয় জনপদের জীবনযাত্রা দেখে।
কুয়াকাটা সৈকত ও আশপাশের পর্যটন স্পটগুলোতে বিদেশি পর্যটকদের স্বাচ্ছন্দ্যে ঘোরাফেরা করতে দেখা যায়। স্থানীয় মানুষের আতিথেয়তা ও বন্ধুত্বপূর্ণ আচরণও তাদের ভ্রমণ অভিজ্ঞতাকে আরও আনন্দময় করে তুলছে। পর্যটনসংশ্লিষ্টদের দাবি, কুয়াকাটার প্রাকৃতিক পরিবেশে মুগ্ধ হয়ে অনেক বিদেশি পর্যটক বারবার এখানে ফিরে আসছেন।
কুয়াকাটা ট্যুর গাইড ও বাইক রাইডার আবু সালেহ বলেন, আমি প্রায় পাঁচ বছর ধরে কুয়াকাটায় আসা বিদেশি পর্যটকদের বিভিন্ন পর্যটন স্পটে নিয়ে যাচ্ছি। তারা মিনি সুইজারল্যান্ড, লেম্বুর বনসহ বিভিন্ন জায়গায় ঘুরতে খুব আগ্রহী। তারা অনেক বন্ধুসুলভ ও ভালো স্বভাবের মানুষ। কুয়াকাটার প্রাকৃতিক পরিবেশ তাদের এতটাই মুগ্ধ করে যে, অনেকেই কয়েক মাস পরপর আবারও এখানে আসেন।
কুয়াকাটার মিনি সুইজারল্যান্ড এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী তারিকুল ইসলাম বলেন, কুয়াকাটায় আসা বিদেশি পর্যটকরা মিনি সুইজারল্যান্ডের প্রাকৃতিক পরিবেশে বেশ মুগ্ধ হন। অনেকে এখানে দীর্ঘ সময় অবস্থান করেন এবং খাল ও আশপাশের সৌন্দর্য ঘুরে দেখেন। আমাদের কাছ থেকে ডাব, কলাসহ বিভিন্ন খাবার কিনে খান। তারা খুবই ভালো ব্যবহার করেন। আমরাও তাদের সুন্দরভাবে সেবা দেওয়ার চেষ্টা করি।
হোটেল খান প্যালেসের অপারেশন ম্যানেজার মো. মনিরুজ্জামান সাকুর বলেন, আমাদের প্রায় নিয়মিতই দেশি অতিথিদের পাশাপাশি বিদেশি পর্যটকরাও আসেন। বিশেষ করে ১৮ ও ১৯ সেপ্টেম্বর রাশিয়ান পর্যটকদের উপস্থিতি ছিলো। আমাদের হোটেলে প্রায়ই রাশিয়ান অতিথিরা অবস্থান করেন। বিশেষ করে পূজা, ঈদুল আজহা, ঈদুল ফিতর ও ইংরেজি নববর্ষের সময় বিদেশি অতিথিদের উপস্থিতি তুলনামূলক বেশি থাকে।
তিনি বলেন, আমাদের সুইমিং পুলটি বিদেশি অতিথিদের কাছে বেশ জনপ্রিয়। পাশাপাশি হোটেলের খাবারের মানও তারা পছন্দ করেন। সবচেয়ে ভালো লাগার বিষয় হলো, আমাদের সেবায় তারা সবসময় সন্তুষ্ট থাকেন। কুয়াকাটার প্রাকৃতিক সৌন্দর্য এবং আমাদের আন্তরিক আতিথেয়তা তাদের মুগ্ধ করে। বিশ্বমানের সেবা ও ঘরোয়া স্বাচ্ছন্দ্যের সমন্বয়ে অতিথিদের ভালো অভিজ্ঞতা দেওয়াই আমাদের লক্ষ্য।
ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কুয়াকাটার (টোয়াক) সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিরাজ বলেন, কুয়াকাটায় বিদেশি পর্যটকদের আগমন আমাদের পর্যটনশিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কুয়াকাটার সমুদ্রসৈকতের পাশাপাশি বন, চর, নদী ও স্থানীয় জীবনযাত্রা বিদেশিদের আকৃষ্ট করছে। বিদেশি পর্যটকদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা আরও বাড়ানো গেলে এখানে আন্তর্জাতিক পর্যটকের সংখ্যা আরও বাড়বে।
ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের ইনচার্জ মো. নাজমুল হাসান বলেন, বিদেশি পর্যটকদের নিরাপত্তার বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। তারা যে হোটেলে অবস্থান করেন, সেখান থেকে ই-মেইলের মাধ্যমে আমাদের জানানো হয়। এরপর আমাদের পুলিশ সদস্যরা তাদের নিরাপত্তার পাশাপাশি প্রয়োজনীয় সহযোগিতা ও সেবা দিয়ে থাকেন। বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখার ক্ষেত্রে আমরা তাদের প্রশিক্ষিত ও শিক্ষিত গাইডের সহায়তা নেওয়ার পরামর্শ দিই। দেশি-বিদেশি সব পর্যটকের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ ভ্রমণ নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশ কাজ করছে।
পর্যটনসংশ্লিষ্টরা বলছেন, কুয়াকাটার বিশেষত্ব শুধু সমুদ্রসৈকতে সীমাবদ্ধ নয়। সাগর, নদী, বন, চর, জেলে পল্লী, স্থানীয় সংস্কৃতি ও গ্রামীণ জীবনযাত্রার বৈচিত্র্য কুয়াকাটাকে অন্য অনেক পর্যটনকেন্দ্র থেকে আলাদা করেছে।
বিদেশি পর্যটকদের এই আগমনকে কাজে লাগিয়ে পরিকল্পিতভাবে আন্তর্জাতিক মানের পর্যটন অবকাঠামো গড়ে তোলা গেলে পটুয়াখালীর উপকূল হয়ে উঠতে পারে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক পর্যটন গন্তব্য। পাশাপাশি বিদেশি পর্যটকদের জন্য যোগাযোগব্যবস্থা, তথ্যসেবা, নিরাপত্তা, আবাসন ও অন্যান্য সুযোগ-সুবিধা আরও উন্নত করা গেলে কুয়াকাটার পর্যটন সম্ভাবনা আন্তর্জাতিক অঙ্গনে আরও বিস্তৃত হতে পারে।