জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ২ গ্রুপের মধ্যে ফের সংঘর্ষ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সদস্য সচিব শামসুল আরেফীন ও যুগ্ম-আহ্বায়ক নাহিয়ান বিন হক অনিকের গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

রবিবার (২০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে শাখা ছাত্রদলের অবস্থান কর্মসূচি চলাকালীন দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরিস্থিতি আরও উত্তাল হলে উভয় পক্ষের নেতাকর্মীরা সংঘর্ষে লিপ্ত হন।

সংঘর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ইমরান হাসান ইমন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ইয়াসিন সাইফ, লোক প্রশাসন বিভাগের ইমন ও প্রান্ত, ইংরেজি বিভাগের আব্দুল্লাহ শেখ আসিফসহ আরও নেতাকর্মী আহত হয়েছেন।

জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক ভবনের তৃতীয় তলায় ‘শিক্ষা ভাবনা, ওরিয়েন্টালিজম এবং চিন্তার মৌলিকত্ব’ বিষয়ে পাঠচক্র আয়োজন করেন সদস্য সচিব শামসুল আরেফিন। এর প্রেক্ষিতে ফেসবুকে তীব্র সমালোচনা করে পোস্ট দেন যুগ্ম-আহ্বায়ক নাহিয়ান বিন হক অনিক।

ক্যাম্পাস সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেন যুগ্ম আহ্বায়ক নাহিয়ান বিন হক অনিক। ওই পোস্টকে কেন্দ্র করেই মূলত দুটি পক্ষের মধ্যে উত্তেজনা ও দ্বন্দ্বের সূত্রপাত হয়।

সার্বিক বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আজম খান বলেন, ছাত্রদের দুটি গ্রুপের মধ্যে ঝামেলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমরা সঙ্গে সঙ্গেই পুলিশ ডেকে আনি। পুলিশ আসার পর বর্তমান পরিস্থিতি মোটামুটি শান্ত ও নিয়ন্ত্রণে রয়েছে।

আহতদের বিষয়ে প্রক্টর আরও বলেন, সংঘর্ষে গুরুতর বা উল্লেখযোগ্যভাবে কেউ আহত হওয়ার তথ্য পাওয়া যায়নি। তবে টুকটাক দু-একজন সামান্য আঘাত পেয়ে থাকতে পারেন।

এর আগেও গত ১৬ সেপ্টেম্বর ছাত্রদলের নবীনবরণের কনসার্ট শেষে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ভবনের সামনে কাঁঠালতলা এলাকায় সংগঠনটির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদার ও যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রুমিকে কারণ দর্শানোর নোটিশ দেয় কেন্দ্রীয় ছাত্রদল।