ইসলামী ব্যাংক-ফাইন্যান্স কোম্পানির লেনদেন তথ্যে কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা

ইসলামিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের লেনদেনের তথ্য সংগ্রহ ও প্রতিবেদন তৈরির পদ্ধতি সহজ ও আধুনিক করতে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। আগামী সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত তিন মাস পুরোনো ও নতুন ছকে তথ্য জমা দিতে হবে। 

রবিবার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ইসলামিক ব্যাংকিং ও ফাইন্যান্স ডাটাবেইজ ইউনিট থেকে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনায় বলা হয়, ইসলামিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো থেকে মাসিক ভিত্তিতে সংগ্রহ করা ইসলামিক আর্থিক লেনদেনের তথ্য প্রতিবেদন সহজীকরণ, যুগোপযোগী ও আধুনিকায়নের লক্ষ্যে নতুন নির্দেশিকা প্রস্তুত করা হয়েছে। নতুন নির্দেশিকায় ইসলামিক আর্থিক লেনদেনের তথ্য প্রতিবেদনের ছকগুলোতে প্রয়োজন অনুযায়ী সংযোজন, বিয়োজন ও পরিবর্তন করা হয়েছে। এর মাধ্যমে তথ্য সংগ্রহ ও প্রতিবেদন তৈরির পদ্ধতি নতুনভাবে সাজানো হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, বাংলাদেশে কার্যরত সব ইসলামিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এবং প্রচলিত ধারার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ইসলামিক শাখা বা উইন্ডোকে প্রতি মাসের ইসলামিক আর্থিক লেনদেনের তথ্য পরবর্তী মাসের ১৫ তারিখের মধ্যে জমা দিতে হবে। সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর ২০২৬ মাসের তথ্য পুরোনো ছকে জমা দেওয়ার পাশাপাশি নতুন নির্দেশিকায় সংযুক্ত নতুন ছক অনুযায়ীও জমা দিতে হবে। অর্থাৎ এ তিন মাসের তথ্য দুই ধরনের ছকে দাখিল করতে হবে।

তবে ডিসেম্বর ২০২৬ মাসের তথ্য থেকে পরবর্তী সব মাসের তথ্য শুধু নতুন ছক অনুযায়ী জমা দিতে হবে। ফলে ডিসেম্বরে তথ্য জমা দেওয়ার সময় পুরোনো ছক ব্যবহারের সুযোগ থাকবে না।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় ইসলামিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শাখা এবং উইন্ডোর তথ্য জমা দেওয়ার জন্য আলাদা ফাইলের নাম নির্ধারণ করে দেওয়া হয়েছে। ইসলামিক ব্যাংকের শাখা ও উইন্ডোগুলোকে ‘এসটিডি আইবি এফডি মাসের নাম ব্যাংক কোড’ নামের ফাইলের মাধ্যমে তথ্য জমা দিতে হবে।

এছাড়া ইসলামিক আর্থিক প্রতিষ্ঠানের শাখা ও উইন্ডোগুলোকে ‘এসটিডি আইবিএফডি মাসের নাম ফিনকম কোড’ নামের ফাইলের মাধ্যমে ইসলামিক আর্থিক লেনদেনের তথ্য দাখিল করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নতুন পদ্ধতিতে তথ্য জমা দেওয়ার জন্য সংশ্লিষ্ট সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।