জ্যোতি খোলামেলা, 'খুব বাজে ক্রিকেট খেলেছি'

এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের বিপক্ষে বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ১১৪ রানের বড় ব্যবধানে হারের পর দলের ব্যাটিং বিপর্যয় ও প্রস্তুতির ঘাটতির কথা খোলামেলা স্বীকার করে নিয়েছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ম্যাচ শেষে তিনি স্পষ্টভাবে বলেন, দল হিসেবে তারা অত্যন্ত বাজে ক্রিকেট খেলেছেন।
 
ভারতের দেওয়া বড় লক্ষ্য তাড়া করতে গিয়ে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। শেষ পর্যন্ত মাত্র ১৫.৪ ওভারে ৮১ রানে গুটিয়ে যায় দলের ইনিংস। দলের ব্যাটারদের মধ্যে কেবল সুলতানা খাতুনই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে সক্ষম হন।

ব্যাটিং ধস প্রসঙ্গে জ্যোতি বলেন, "যখন আপনি এত বড় লক্ষ্য তাড়া করবেন, তখন এমন ব্যাটিং ধস একটি স্বাভাবিক ঘটনা। তবে আমার মনে হয় আমরা যদি বোলিংয়ে একটু ভালো করতাম, তবে হয়তো তাদের আরও কম রানে আটকে রাখতে পারতাম।" তবে দলের এই ধসের দায় পুরোপুরি এড়িয়ে যাননি তিনি। ব্যাটাররা নিজেদের দায়িত্ব নিতে ব্যর্থ হয়েছেন বলে জানান জ্যোতি। তিনি উল্লেখ করেন, ১৮০ এর বেশি রান তাড়া করার সময় পাওয়ার প্লেতে দ্রুত রান তোলার আলাদা চাপ থাকে, যেখানে টপ অর্ডারের কেউ শেষ পর্যন্ত টিকলে পরিস্থিতি অন্যরকম হতে পারত।

টুর্নামেন্টের আগে দলের অপর্যাপ্ত সুযোগ-সুবিধা এবং প্রতিকূল আবহাওয়া নিয়ে আক্ষেপ ঝরেছে জ্যোতির কণ্ঠে। বৃষ্টির কারণে মাত্র দুই দিন অনুশীলনের সুযোগ পাওয়ার কথা জানিয়ে তিনি বলেন, মাঠের অবস্থাও খুব একটা ভালো ছিল না।

এর আগে চায়নার বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ায় এবং পরবর্তীতে প্রস্তুতির জন্য নির্ধারিত প্রীতি ম্যাচে প্রতিপক্ষ দল উপস্থিত না হওয়ায় পর্যাপ্ত ম্যাচ প্র্যাকটিস ছাড়াই মাঠে নামতে হয়েছিল টাইগ্রেসদের। এ বিষয়ে জ্যোতি বলেন, "দ দল হিসেবে আমরা অত্যন্ত বাজে ক্রিকেট খেলেছি, এটা বলতে আমার কোনো দ্বিধা নেই।" এছাড়া টস হারও ম্যাচের ভাগ্য নির্ধারণে বড় ভূমিকা রেখেছে বলে মনে করেন তিনি।

টুর্নামেন্টের ঠিক আগে টি-টোয়েন্টি দলের অধিনায়তত্ত্ব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন জ্যোতি। এই সিদ্ধান্ত প্রসঙ্গে তিনি জানান, একজন ব্যাটার ও ক্রিকেটার হিসেবে দেশের জন্য এবং দলের জন্য তার এখনও অনেক কিছু দেওয়ার আছে। সেই জায়গাটিতে আরও বেশি মনোযোগ দিতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

এখন ব্রোঞ্জপদক জয়ের লড়াইয়ে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।