নরসিংদীর শিবপুরে এক সপ্তাহ ধরে নিখোঁজ খোদেজা বেগম ওরফে মিনারা বেগম (৮৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার জয়নগর গ্রামের শামসু বিএসসি বাড়ির পাশে মুরগির ময়লার গর্ত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মিনারা বেগম উপজেলার জয়নগর ইউনিয়নের জামগর গ্রামের মৃত ইসব আলীর স্ত্রী।
স্থানীয়রা ও পরিবার সূত্রে জানা যায়, নিহত মিনারা বেগম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। তিনি মাঝেমধ্যে বাড়ি থেকে বের হয়ে যেতেন এবং কয়েক দিন পর আবার ফিরে আসতেন। তবে গত এক সপ্তাহ আগে বাড়ি থেকে নিখোঁজ হওয়ার পর আর ফিরে আসেননি। রবিবার দুপুর ১২টার দিকে জয়নগর গ্রামের শামসু বিএসসি বাড়ির পাশে মুরগির ময়লার গর্তে মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। পরে শিবপুর মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
খবর পেয়ে নিহতের ছেলে মোতালিব ও রুহুল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি তাদের মায়ের বলে শনাক্ত করেন।
পরিবারের সদস্যরা জানান, মিনারা বেগম নিখোঁজ হওয়ার পর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও নিখোঁজের পোস্ট দেওয়া হয়েছিল।
শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত মিনারা বেগম এক সপ্তাহ ধরে নিখোঁজ ছিলেন। রবিবার দুপুরে স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
তিনি আরও জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।