আশুলিয়ায় কাভার্ড ভ্যানের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৬

সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানার চত্বরে থাকা কাভার্ড ভ্যানের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৬ জন নিহত হয়েছেন। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে ৫ জনের মরদেহ উদ্ধার করেন। পরে স্থানীয় জনগণ আরও একজনের মরদেহ উদ্ধার করেন। এ ঘটনায় ১২ জন আহত হয়েছেন।

রবিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টায় আশুলিয়ার জামগড়া প্রীতি গ্রুপের পোশাক কারখানা চত্বরে গ্যাস সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যানে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

নিহত একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম জয়নব বেগম (৫৫)। তিনি কারখানার বাইরের এক দোকানদার। অন্যদের পরিচয় পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের ঢাকা-৪-এর উপ-সহকারী পরিচালক হাফিজুর রহমান জানান, আগুনের ঘটনায় মোট ৬ জন নিহত হয়েছে। এর মধ্যে অগ্নিদগ্ধ হয়ে কাভার্ড ভ্যানের ভিতর ৫ জন নিহত হয়েছে এবং কারখানার বাইরে গ্যাস সিলিন্ডারের আঘাতে এক নারী দোকানদার জয়নব বেগম (৫৫) নিহত হয়েছেন।

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মো. মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এদিকে আহতদের স্থানীয় নারী ও শিশু হাসপাতালসহ আশপাশের চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে নারী ও শিশু হাসপাতাল থেকে দগ্ধ গুরুতর আহত ৩ জনকে ঢাকা মেডিকেল কলেজ বার্ন ইউনিটে পাঠানো হয়েছে বলে আশুলিয়ার নরসিংহপুর নারী ও শিশু হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন।

জিরাবো ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাবুদ্দিন বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। আমাদের জিরাবো ফায়ার সার্ভিসের ইউনিট ছাড়াও সাভার, ডিইপিজেড, কালিয়াকৈর ইউনিট এসে ২ ঘণ্টা চেষ্টার পর রাত পৌনে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনি। তবে আগুন নিয়ন্ত্রণ এলেও আমাদের ডাম্পিংয়ের কাজ চলছে।

এদিকে আশুলিয়া ডিইপিজেড ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর সোমেন বড়ুয়া জানান, কারখানা চত্বরে গ্যাস সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যানের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে কারখানা চত্বরে ছড়িয়ে পড়ে। এ সময় সেখানে থাকা ৩টি কাভার্ড ভ্যান আগুনে পুড়ে যায়। তবে কারখানার ভিতরে আগুন পৌঁছাতে পারেনি।

আশুলিয়ার নরসিংহপুর নারী ও শিশু চিকিৎসা হাসপাতাল কর্তৃপক্ষ জানান, প্রীতি গ্রুপে অগ্নিকাণ্ডের ঘটনায় আশুলিয়ার নরসিংহপুর নারী ও শিশু চিকিৎসা কেন্দ্রে আহত রোগীদের পাঠানো হয়। এদের মধ্যে দগ্ধ গুরুতর ৩ জনকে ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে প্রেরণ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় ‘প্রীতি গার্মেন্টস’ নামে একটি তৈরি পোশাক কারখানার অভ্যন্তরে বিকট শব্দে কারখানা চত্বরে থাকা সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যানের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আশেপাশে থাকা আরও কয়েকটি গাড়িতে ছড়িয়ে পড়ে। এছাড়াও ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনার কথাও জানিয়েছেন স্থানীয়রা।

সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন।

আশুলিয়া থানা অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম বলেন, আগুনের খবর পাওয়ার পর পরই আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জনগণের নিরাপত্তায় কাজ শুরু করি। ইতিমধ্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে, তবে ফায়ার সার্ভিস শেষ মুহূর্তের কাজগুলো করছে।

সবশেষ রাত ১০টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। রাত পৌনে ১২টার দিকে উদ্ধার কাজ শেষ হয় বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।