তওবা কবুলের শর্ত

মহান আল্লাহ তওবার মাধ্যমে সব গুনাহ ক্ষমা করে দেন। তিনি বান্দাদের তওবার মাধ্যমে ক্ষমা ও কল্যাণের পথে ফিরে আসার আহ্বান জানিয়েছেন। তবে তওবা শুধু মুখে ক্ষমা চাওয়ার নাম নয়। এর সঙ্গে জড়িয়ে আছে আন্তরিক অনুশোচনা, পাপ থেকে ফিরে আসা এবং নিজেকে সংশোধনের অঙ্গীকার। তাই তওবার প্রকৃত তাৎপর্য বুঝতে এর শর্তগুলো জানা জরুরি। কোরআন ও হাদিসের আলোকে আলেমরা নির্ধারণ করেছেন, তওবা কবুল হতে হলে পাঁচটি শর্ত পূরণ করতে হবে। এ বিষয়ে বিবরণী উল্লেখ করা হলো।

একনিষ্ঠতা : মানুষ যেন শুধু আল্লাহর সন্তুষ্টি ও ক্ষমা লাভ করার উদ্দেশে একনিষ্ঠভাবে তওবা করে। অন্য কাউকে দেখানো, খুশি করা বা দুনিয়াবি কোনো লাভের জন্য তওবা করলে আল্লাহর দরবারে ওই তওবা কবুল হয় না।

পাপ কাজ পরিত্যাগ : পাপ কাজে জড়িত থেকে তওবা করলে ওই তওবা কবুল হয় না।

লজ্জিত হওয়া : গুনাহের জন্য অন্তরে সত্যিকারভাবে লজ্জিত ও অনুতপ্ত হওয়া। কেউ যদি গুনাহের জন্য অনুতপ্ত না হয়, শুধু মুখে তওবা করে, তার তওবা কবুল হয় না।

গুনাহ থেকে বিরত থাকা : ভবিষ্যতে ওই গুনাহের দিকে আর ফিরে না যাওয়ার দৃঢ় সংকল্প গ্রহণ করা। অন্তরে যদি ওই গুনাহ আবার করার ইচ্ছা থাকে, তাহলে তওবা কবুল হবে না।

মৃত্যু যন্ত্রণার আগে তওবা করা : তওবা করতে হবে মৃত্যু যন্ত্রণা শুরু হওয়া বা মৃত্যুর লক্ষণ প্রকাশ পাওয়ার আগেই।

তওবা আমাদের স্মরণ করিয়ে দেয়, ভুলের পরও ফিরে আসার সুযোগ আছে এবং আল্লাহর রহমতের আশ্রয়ে জীবন নতুন দিশা পেতে পারে। এটি মানুষের অন্তরকে সতেজ করে, সমাজে ন্যায় ও সততার পরিবেশ গড়ে তোলে এবং আখেরাতের জন্য স্থায়ী সওয়াবের উৎস তৈরি করে।

লেখক : ইসলামি গবেষক ও ধর্মীয় নিবন্ধকার