সৌদি-হুতি সংঘাত

পশ্চিম এশিয়াজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা

উপসাগরীয় অঞ্চলজুড়ে চলমান সামরিক উত্তেজনা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। ইরান যুদ্ধের পাশাপাশি সৌদি আরব ও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের মধ্যে সংঘাত পরিস্থিতি আরও জটিল করেছে। দুই পক্ষের লড়াই ক্রমেই তীব্র হওয়ায় পশ্চিম এশিয়ার বেশ কয়েকটি দেশে অবস্থানরত নিজেদের নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। গত শনিবার রাতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এ সতর্কতার আওতায় থাকা দেশগুলোর মধ্যে রয়েছে ইসরায়েল, লেবানন, জর্ডান, ইরাক, সৌদি আরব, কুয়েত, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও ওমান।

পররাষ্ট্র দপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে উপসাগরীয় অঞ্চলে অবস্থানরত নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। সেই সঙ্গে উড়োজাহাজ চলাচল বাতিল, আকাশসীমা বন্ধ ও ভ্রমণ-সংক্রান্ত আকস্মিক বিঘ্ন ঘটার বিষয়েও সচেতন থাকা প্রয়োজন। যুক্তরাষ্ট্রের নাগরিকদের অঞ্চলটিতে ভ্রমণে বিরত থাকার আহ্বান জানিয়ে ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইরান-সমর্থিত হুতিরা সৌদি আরবের বেসামরিক বিমানবন্দরসহ বিভিন্ন স্থানে হামলা চালিয়ে আসছে। এ সামরিক সংঘাত যেকোনো সময় দ্রুত মারাত্মক রূপ নেওয়ার আশঙ্কা আছে। শুধু তা-ই নয়, ইরান এবং তাদের সমমনা গোষ্ঠীগুলো বিশ্বের যেকোনো প্রান্তে থাকা যুক্তরাষ্ট্রের ব্যবসায় প্রতিষ্ঠান বা সংস্থাসহ যেকোনো স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা কিংবা নাগরিকদের লক্ষ্যবস্তু বানাতে পারে।